ছবি: সংগৃহীত।
ফেসবুকের বন্ধুতালিকায় মানুষ বাড়ছে, কিন্তু সত্যিকারের বন্ধুর সংখ্যা কি আদৌ বাড়ছে? এখন বন্ধুত্ব গড়তে লাগে না দীর্ঘদিনের পরিচয় কিংবা সামনাসামনি আলাপ। একটি ফ্রেন্ড রিকোয়েস্টেই অচেনা কেউ হয়ে উঠছেন ভার্চুয়াল বন্ধু। অথচ ফেসবুক খুললেই যেন নানা ধরনের পোস্টের ভিড়ে হারিয়ে যেতে হয়। কারও দিন শুরু হয় নিজের ছবি দিয়ে, কেউ খাবারের বাহারি আয়োজন তুলে ধরেন, আবার কেউ ঘুরতে যাওয়ার মুহূর্তগুলো একের পর এক শেয়ার করেন।
নিউজফিডে চোখ রাখলেই দেখা মেলে নানা বিনোদনমূলক ভিডিও, সিনেমা বা সিরিজের গল্প ফাঁস করা পোস্ট, অনলাইন গেমের নানা আমন্ত্রণ কিংবা আদুরে পোষা প্রাণীর ছবি। মজার বিষয় হলো, এসব পোস্টের বেশির ভাগই আসে এমন সব মানুষের কাছ থেকে, যাদের সঙ্গে বাস্তব জীবনে আপনার হয়তো কখনো পরিচয়ই হয়নি।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্বজুড়ে পালিত হচ্ছে ‘আনফ্রেন্ড দিবস’। দিনটি যেন সোশ্যাল মিডিয়ার বন্ধু তালিকায় পরিচ্ছন্নতা অভিযান চালানোর এক বিশেষ উপলক্ষ।
ফেসবুকের বন্ধু তালিকায় হয়তো জমে গেছে অসংখ্য মানুষের নাম। কিন্তু তালিকায় থাকা সবাইকে যে চেনেন, তা নয়। অনেকের সঙ্গে কীভাবে যুক্ত হয়েছিলেন, কখন বন্ধুত্ব হয়েছিল, কিংবা আদৌ কখনো পরিচয় হয়েছিল কি না-এসব প্রশ্নের উত্তরও অজানা। দিনের পর দিন এমন অপরিচিত মানুষের ভিড় বাড়তেই থাকে ভার্চুয়াল জগতে। তাই অপ্রয়োজনীয় এই সম্পর্কগুলো থেকে বেরিয়ে এসে বন্ধু তালিকাকে একটু গুছিয়ে নেয়ার দারুণ এক উপলক্ষ্য হতে পারে ‘আনফ্রেন্ড ডে’।
একসময় বন্ধুত্ব বলতে বোঝাত এমন এক সম্পর্ক, যেখানে জড়িয়ে থাকে আন্তরিকতা, বিশ্বাস আর ব্যক্তিগত পরিচয়। কিন্তু ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যমের প্রসারে সেই ধারণায় এসেছে পরিবর্তন। এখন সামনাসামনি কখনো দেখা হয়নি, এমন মানুষের সঙ্গেও অনলাইনে গড়ে উঠছে বন্ধুত্ব। ফেসবুকে পরিচিত-অপরিচিত মিলিয়ে তৈরি হচ্ছে দীর্ঘ বন্ধু তালিকা। আবার সেই তালিকা থেকে কাউকে বাদ দেওয়ার জন্যও তৈরি হয়েছে আলাদা পরিভাষা-‘আনফ্রেন্ড’। অর্থাৎ, ভার্চুয়াল জগতে বন্ধুত্বের মতো সম্পর্ক ছিন্ন করারও রয়েছে নিজস্ব একটি নাম।
২০১৪ সালে কৌতুক অভিনেতা জিমি কিমেল ‘আনফ্রেন্ড ডে’ বা ‘বন্ধু ছাঁটাই করার দিন’ প্রতিষ্ঠা করেন। দিনটি প্রচলনের উদ্দেশ্য ছিলো সোশ্যাল মিডিয়ায় অপরিচিত ও বিরক্তিকর ব্যক্তিকে বন্ধু তালিকা থেকে বাদ দেয়া।
বন্ধু বা ফ্রেন্ড শব্দটি অনেক আগে থেকেই আমাদের খুব পরিচিত একটি শব্দ। বলতে গেলে শত বছরের প্রচলিত একটি শব্দ। কিন্তু, ‘আনফ্রেন্ড’ শব্দটির সঙ্গে আমাদের পরিচয় হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই।
অক্সফোর্ড ডিকশনারির ২০০৯ সালের সেরা শব্দ ছিল ‘আনফ্রেন্ড’। যার সংজ্ঞা হলো- ফেসবুকের মতো সামাজিক নেটওয়ার্কিং সাইটে কাউকে ‘বন্ধু’ তালিকা থেকে বাদ দেয়া।
‘আনফ্রেন্ড দিবস’ বিশ্বের অনেক দেশেই পালন করা হয় আনন্দের সঙ্গে। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এ দিবস নিয়ে নানা স্ট্যাটাস এবং লেখালেখি চোখে পড়ে।
যেমন, আজ বুঝি অনেকের বন্ধুত্বের মেয়াদ শেষ হতে চলেছে!, যারা বারবার টাকা ধার চান, কিন্তু ফেরত দেয়ার নাম নেই; যারা প্রতিদিন নিজেদের পছন্দের পেজে লাইক দেয়ার অনুরোধ করেন; কিংবা যাদের প্রতিটি পোস্টেই থাকে কোনো না কোনো অভিযোগ।
তবে মজা করতে করতে একটা বিষয় মনে রাখা দরকার। আনফ্রেন্ড ডে কেবল অচেনা মানুষদের বিদায় জানানোর দিন নয়, নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের অভ্যাস নিয়েও ভাবার সুযোগ।
যেমন, ফেসবুকে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে গিয়ে কাছের মানুষদের সময় দেয়া হচ্ছে কি না? পরিবারের সদস্য বা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে গিয়ে জায়গাটা উপভোগ করার চেয়ে ছবি তুলে পোস্ট করতেই বেশি ব্যস্ত কি না?
এসব নিয়ে ভাবার বিষয় আছে বৈকি! কারণ যে মুহূর্তগুলো প্রিয়জনদের সঙ্গে আনন্দ করে কাটানোর কথা, সেগুলোই যদি ছবি তোলা আর পোস্ট করার ব্যস্ততায় হারিয়ে যায়, তাহলে লাভ কী?
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
