চ্যাটিংয়ের অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় ও প্রাণবন্ত করতে জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপে যুক্ত হয়েছে দারুণ সব ফিচার। এখন থেকে কোনো রকম থার্ড-পার্টি বা অতিরিক্ত অ্যাপ ডাউনলোড করার ঝামেলা ছাড়াই ব্যবহারকারীরা সরাসরি হোয়াটসঅ্যাপের ভেতরেই নিজের ছবি কিংবা এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা)-এর সাহায্যে পছন্দসই স্টিকার তৈরি করতে পারবেন।
প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, এই ফিচারের ফলে ব্যবহারকারীদের আর স্টিকার বানানোর জন্য আলাদা কোনো অ্যাপের ওপর নির্ভর করতে হবে না। খুব সহজেই কয়েকটি ধাপে চ্যাট উইন্ডো থেকেই আকর্ষণীয় স্টিকার বানিয়ে তা চ্যাটে শেয়ার করা সম্ভব।
নিজের ছবি থেকে স্টিকার বানাবেন যেভাবে
১. প্রথমে হোয়াটসঅ্যাপ ওপেন করে যেকোনো একটি চ্যাট উইন্ডোতে প্রবেশ করুন।
২. এরপর স্টিকার অপশনে গিয়ে ‘Create’ বা পেন্সিল আইকনে ট্যাপ করতে হবে। ৩. এবার ফোনের গ্যালারি থেকে পছন্দের ছবি নির্বাচন করুন অথবা সরাসরি ক্যামেরা দিয়ে নতুন ছবি তুলে নিন।
৪. ছবি সিলেক্ট করার পর সেটি এডিট করার সুযোগ মিলবে। ছবির ওপর টেক্সট যুক্ত করতে ‘T’ অপশন, ইমোজি বসানো কিংবা নিজের মতো ড্রয়িং করার জন্য রয়েছে বিভিন্ন বিল্ট-ইন এডিটিং টুল।
৫. এডিটিং শেষ হলে সেন্ড অপশনে ট্যাপ করলেই স্টিকারটি সরাসরি চ্যাটে চলে যাবে।
ছবি ছাড়াই এআই দিয়ে তৈরি করুন স্টিকার
গ্যালারিতে উপযুক্ত ছবি না থাকলেও স্টিকার তৈরিতে কোনো বাধা নেই। হোয়াটসঅ্যাপের এআই সুবিধা ব্যবহার করে টেক্সট প্রম্পটের মাধ্যমে নতুন স্টিকার বানিয়ে নেওয়া যায়:
স্টিকার সেকশনে গিয়ে প্রথমে ‘ক্রিয়েট’ (Create) অপশন সিলেক্ট করুন।
এরপর ‘জেনারেটেড উইথ এআই’ (Generated with AI) অপশনে গিয়ে আপনি ঠিক কী ধরনের স্টিকার চান, তা লিখে বর্ণনা দিন।
আপনার দেওয়া বর্ণনার ভিত্তিতে এআই স্বয়ংক্রিয়ভাবে একাধিক ডিজাইন তৈরি করবে। সেখান থেকে পছন্দের স্টিকারটি বেছে নিয়ে অনায়াসেই ব্যবহার করা যাবে।
পছন্দের স্টিকার নিয়ে বানিয়ে ফেলুন কাস্টম প্যাক
নিজের তৈরি করা একাধিক স্টিকার গুছিয়ে রাখতে তৈরি করা যাবে কাস্টম স্টিকার প্যাক। স্টিকার তৈরির প্যানেল থেকে পছন্দের স্টিকারগুলো নির্বাচন করার পর তিনটি ডটের মেনুতে ট্যাপ করে ‘অ্যাড টু স্টিকার প্যাক’ (Add to Sticker Pack) অপশন বেছে নিতে হবে।
নতুন প্যাকের ক্ষেত্রে ‘নিউ স্টিকার প্যাক’ (New Sticker Pack) সিলেক্ট করে একটি নাম দিলেই সেটি হোয়াটসঅ্যাপের স্টিকার তালিকায় সংরক্ষিত হয়ে যাবে। এ ছাড়া চাইলে আগে থেকে তৈরি করা কোনো পুরোনো কাস্টম প্যাকে নতুন স্টিকার যুক্ত করার সুযোগও রয়েছে।