× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে গুগলকে ৪৬৩ মিলিয়ন ডলার জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক।

২২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত (লোকেশন) তথ্য প্রক্রিয়াকরণে ইউরোপীয় ইউনিয়নের গোপনীয়তা নীতিমালা লঙ্ঘনের অভিযোগে প্রযুক্তি জায়ান্ট গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো (প্রায় ৪৬৩ মিলিয়ন ডলার) জরিমানা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে আয়ারল্যান্ডের ডেটা প্রোটেকশন কমিশন (ডিপিসি)।

ডিপিসির তদন্তে দেখা গেছে, ২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে গুগল ইউরোপীয় ইউনিয়নের কঠোর তথ্য সুরক্ষা আইন ‘জেনারেল ডেটা প্রোটেকশন রেগুলেশন’ (জিডিপিআর) লঙ্ঘন করেছে। বিশেষ করে ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’, ‘লোকেশন হিস্ট্রি’ এবং ‘লোকেশন অ্যাকিউরেসি’ নামের তিনটি ফিচারের মাধ্যমে এ লঙ্ঘন ঘটেছে বলে অভিযোগ উঠেছে।

আয়ারল্যান্ডভিত্তিক এই নিয়ন্ত্রক সংস্থা ইউরোপে পরিচালিত গুগলসহ অনেক বড় মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান তদারকি কর্তৃপক্ষ হিসেবে কাজ করে। ২০১৮ সালে জিডিপিআর কার্যকর হওয়ার পর থেকে ডিপিসি বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৪ বিলিয়ন ইউরোর বেশি জরিমানা আরোপ করেছে। এর মধ্যে গুগলের বিরুদ্ধে ঘোষিত এই জরিমানা চতুর্থ বৃহত্তম।

জরিমানার পাশাপাশি গুগলকে ছয় মাসের মধ্যে তাদের তথ্য প্রক্রিয়াকরণ পদ্ধতি জিডিপিআরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি প্রতিষ্ঠানটি।

ডিপিসির উপকমিশনার গ্রাহাম ডয়েল এক বিবৃতিতে বলেন, ‘গুগলের ব্যর্থতার কারণে অনেক ব্যবহারকারী হয়তো জানতেনই না যে তাদের অবস্থানসংক্রান্ত তথ্য বিজ্ঞাপনের মাধ্যমে প্রভাবিত করতে বা তাদের আগ্রহ সম্পর্কে ধারণা নিতে ব্যবহার করা হচ্ছে। ফলে তারা নিজেদের ব্যক্তিগত তথ্যের ওপর নিয়ন্ত্রণ হারাতে পারেন।’

তিনি আরও বলেন, ‘প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে ব্যবহারকারীদের অবস্থানসংক্রান্ত তথ্য সংরক্ষণ করায় এই নিয়ন্ত্রণহীনতার ঝুঁকি আরও বেড়েছে।’

২০২০ সালে ইউরোপের বিভিন্ন ভোক্তা অধিকার সংগঠনের অভিযোগের ভিত্তিতে ডিপিসি এ তদন্ত শুরু করে। অভিযোগকারী সংগঠনগুলোর মধ্যে ছিল ইউরোপজুড়ে কার্যক্রম পরিচালনাকারী ভোক্তা সংগঠন বিইইউসি।  

তদন্তে গুগলের ‘ওয়েব অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি’ ফিচারের তথ্য সংগ্রহ ও ব্যবহারের বৈধতা এবং ন্যায্যতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এই ফিচারটি গুগলের বিভিন্ন সেবায় ব্যবহারকারীদের কার্যক্রমসংক্রান্ত তথ্য সংরক্ষণ করে। একইভাবে ‘লোকেশন হিস্ট্রি’ ফিচারের মাধ্যমে মোবাইল ডিভাইস ব্যবহার করে ব্যবহারকারীর অবস্থান সংরক্ষণ করা হয়।

ডিপিসি জানিয়েছে, গুগলের বিরুদ্ধে আরও তিনটি পৃথক তদন্ত চলমান রয়েছে এবং সেগুলোও অগ্রসর পর্যায়ে রয়েছে।

সূত্র: সামা টিভি অনলাইন 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.