জাতীয় শরীর গঠন প্রতিযোগিতা ‘মি. বাংলাদেশ-২০২৬’-এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। ২৬ থেকে ২৮ নভেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ ভবনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাহিনীর প্রতিযোগীরা ৯টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৭টি ব্রোঞ্জসহ মোট ২৩টি পদক অর্জন করেন।
বাংলাদেশ শরীরগঠন ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আনসার, বিভিন্ন জেলা দল, বিশ্ববিদ্যালয় এবং দেশের বিভিন্ন জিম ও শরীর গঠন প্রতিষ্ঠানের ১৪৩ টি ক্লাব ও প্রতিষ্ঠান থেকে ৩০০-এর অধিক প্রতিযোগী অংশগ্রহণ করেন। মোট ১২টি ক্যাটাগরিতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতার বিভিন্ন ক্যাটাগরিতে আনসার ও ভিডিপির প্রতিযোগীরা তাঁদের শারীরিক সক্ষমতা, পেশির গঠন, নৈপুণ্য ও প্রস্তুতির স্বাক্ষর রাখেন। তাঁদের সম্মিলিত সাফল্যে পদক তালিকায় শীর্ষস্থান অর্জনের মধ্য দিয়ে বাহিনীর ক্রীড়াক্ষেত্রে সাফল্যের ধারায় যুক্ত হলো আরও একটি উল্লেখযোগ্য অর্জন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ক্রীড়াঙ্গনেও প্রতিভা ও দক্ষতার স্বাক্ষর রেখে চলেছে। জাতীয় পর্যায়ের এ অর্জন বাহিনীর সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও নিয়মিত ক্রীড়াচর্চার প্রতি নিষ্ঠার উজ্জ্বল প্রতিফলন।