× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়েতে ফিরছে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক।

০৩ অক্টোবর ২০২৬, ১২:১০ পিএম

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ২২ বছর পর আবারও জিম্বাবুয়ের মাটিতে খেলতে যাচ্ছে ইংল্যান্ড। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ে ইংল্যান্ডের চতুর্থ ম্যাচ পড়েছে হারারেতে। সেখানে বাছাইপর্ব পেরিয়ে আসা একটি দলের মুখোমুখি হবে তারা। ম্যাচটি হবে ২০২৭ সালের ২০ অক্টোবর।

দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় হতে যাওয়া বিশ্বকাপে ইংল্যান্ড পড়েছে ‘বি’ গ্রুপে। তাদের সঙ্গে রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। গ্রুপের ষষ্ঠ দলটি নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।

ইংল্যান্ড সর্বশেষ জিম্বাবুয়ের মাটিতে খেলেছিল ২০০৪ সালের নভেম্বর-ডিসেম্বরে। এরপর দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে দীর্ঘ বিরতি ছিল। ২০২৫ সালের মে মাসে ট্রেন্ট ব্রিজে একমাত্র টেস্ট দিয়ে দুই দেশের দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক আবারও শুরু হয়। সেটিই ছিল ২২ বছর পর দুই দলের প্রথম দ্বিপক্ষীয় সিরিজের ম্যাচ।

২০০৩ বিশ্বকাপকে ঘিরে দুই দলের সম্পর্কের তিক্ততা তৈরি হয়েছিল। রাজনৈতিক চাপ ও নিরাপত্তা নিয়ে শঙ্কার মধ্যে ইংল্যান্ডের তৎকালীন অধিনায়ক নাসের হুসেইনের দল জিম্বাবুয়ের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে দেশটিতে যায়নি। ফলে ম্যাচটি জিম্বাবুয়ের পক্ষে পরিত্যক্ত ঘোষণা করা হয়। ওই ম্যাচের পয়েন্ট পেয়ে জিম্বাবুয়ে সুপার সিক্সে উঠেছিল, আর বাদ পড়ে ইংল্যান্ড।

এরপর আইসিসির কোনো ইভেন্টে দুই দল মাত্র একবার মুখোমুখি হয়েছে। ২০০৭ সালের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে কেপটাউনে জিম্বাবুয়েকে ৫০ রানে হারিয়েছিল ইংল্যান্ড।

সাম্প্রতিক সময়ে দুই দেশের ক্রিকেট বোর্ডের সম্পর্ক আবারও উন্নত হয়েছে। ২০২৭ থেকে ২০৩১ সালের ফিউচার ট্যুর প্রোগ্রাম নিয়েও জিম্বাবুয়েতে ইংল্যান্ডের সফর নিয়ে আলোচনা হয়েছে। আগামী মাসে এই সূচি অনুমোদনের কথা রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও জিম্বাবুয়েতে খেলেছিল ইংল্যান্ড। এমনকি ভারতের বিপক্ষে ফাইনালেও খেলেছিল তারা।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.