× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রোনালদোকে তুলে নেয়ার পর জয় পেল ২ গোলে পিছিয়ে থাকা ১০ জনের আল নাসর

স্পোর্টস ডেস্ক।

২৬ আগস্ট ২০২৬, ১৬:৪৬ পিএম

ছবি: সংগৃহীত।

মৌসুমে প্রথমবার আল নাসরের মূল একাদশে নেমেছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ম্যাচের সবচেয়ে নাটকীয় মুহূর্তগুলো তাকে দেখতে হয়েছে বেঞ্চে বসেই। প্রথমার্ধ শেষে রোনালদোকে তুলে নেওয়ার পর দুই গোলে পিছিয়ে পড়া আল নাসর শেষ পর্যন্ত আল ইত্তিফাককে ৩-২ গোলে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে।

সৌদি প্রো লিগে ম্যাচের প্রথমার্ধ শেষেই রোনালদোকে মাঠ থেকে তুলে নেন আল নাসর কোচ অ্যাঞ্জ পোস্তেকোগলু। মাঠ ছাড়ার সময় পর্তুগিজ তারকার অভিব্যক্তিতেই বোঝা যায়, সিদ্ধান্তটি তার খুব একটা পছন্দ হয়নি। তবে রোনালদোকে ঘিরে নাটকীয়তার তখনো বাকি ছিল।

এর আগে ম্যাচের ১২ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় আল নাসর। আল ইত্তিফাকের স্ট্রাইকার মুসা দেম্বেলেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন আল নাসরের গোলরক্ষক বেন্তো। একজন কম নিয়ে খেলার সুযোগ কাজে লাগিয়ে প্রথমার্ধেই দুই গোল করে আল ইত্তিফাক। ৩১ মিনিটে প্রথম গোলের পর যোগ করা সময়ে দ্বিতীয় গোলটি করে তারা।

রোনালদো মাঠ ছাড়ার সময় তাই ২-০ গোলে পিছিয়ে ছিল আল নাসর। এমন পরিস্থিতিতে দলের অন্যতম সেরা গোলদাতাকে তুলে নেওয়ার সিদ্ধান্তটি স্বাভাবিকভাবেই বিস্ময় তৈরি করে। ম্যাচে ফেরার জন্য যখন গোল প্রয়োজন, তখন মাঠে রোনালদোর উপস্থিতিই সবচেয়ে বেশি প্রত্যাশিত ছিল।

তবে পোস্তেকোগলু পরিসংখ্যানের চেয়ে প্রথমার্ধে রোনালদোর পারফরম্যান্সকেই বেশি গুরুত্ব দিয়েছেন। প্রথম ৪৫ মিনিটে মাত্র সাতবার বল স্পর্শ করেন রোনালদো। দুটি শটের একটি ছিল লক্ষ্যে। পাঁচটি পাসের মধ্যে তিনটি সফল হলেও কোনো গোলের সুযোগ তৈরি করতে পারেননি তিনি।

রোনালদোকে ছাড়াই অবশ্য দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে দেয় আল নাসর। ৭৪ মিনিটে সাদিও মানে গোল করে ব্যবধান কমান। মাত্র তিন মিনিট পর আবদুল্লাহ আল-আমারি গোল করে আল নাসরকে সমতায় ফেরান।

এরপর যোগ করা সময়ে আবারও গোল করেন মানে। তার দ্বিতীয় গোলেই ৩-২ ব্যবধানে ম্যাচ জিতে নেয় আল নাসর। দুই গোলে পিছিয়ে পড়ার পর ১০ জনের দল নিয়ে এমন প্রত্যাবর্তনে সৌদি প্রো লিগে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে দলটি। তিন ম্যাচে তিন জয়ে লিগ টেবিলের শীর্ষস্থানও ধরে রেখেছে আল নাসর।

ম্যাচ শেষে রোনালদোকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে পোস্তেকোগলু বলেন, ‘দ্বিতীয়ার্ধে আমরা সাহস নিয়ে খেলেছি। সে জন্য ভালো লাগছে। এখানে আমি দলকে সাহায্য করতে এসেছি। সবাই জানে, রোনালদো দীর্ঘ সময় খেলেনি। তবে প্রথমার্ধে সে দারুণ খেলেছে। যদিও আমরা এরপর ভিন্ন কৌশল নিয়েছি।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.