× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিশ্বকাপের আগে ‘বিস্ময়বালক’ হারিয়ে বড় ধাক্কা খেল জার্মানি

স্পোর্টস ডেস্ক।

০৬ জুন ২০২৬, ১৫:৫২ পিএম

ছবি: সংগৃহীত।

জার্মানির ১৮ বছর বয়সী মিডফিল্ডার লেনার্ট কার্ল বিশ্বকাপ শুরুর আগেই দল থেকে ছিটকে গেছেন। শুক্রবার অনুশীলনের সময় পেশিতে গুরুতর চোট পাওয়ায় এবারের বিশ্বকাপে আর খেলা হচ্ছে না বায়ার্ন মিউনিখের এই তরুণ প্রতিভার।

জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি) জানিয়েছে, কার্লের পেশি ছিঁড়ে গেছে। তার পরিবর্তে বিশ্বকাপ দলে ডাকা হয়েছে আরবি লাইপজিগের ২০ বছর বয়সী মিডফিল্ডার আসান ওয়েদ্রাওগোকে। 

বিশ্বকাপের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় গুরুতর চোট বা অসুস্থতায় আক্রান্ত হলে দলের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত তার বদলি নেওয়া যায়। জার্মানির প্রথম ম্যাচ ১৪ জুন, বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওয়ের বিপক্ষে।

শিকাগোয় যুক্তরাষ্ট্রের বিপক্ষে শনিবার প্রস্তুতি ম্যাচের আগে শেষ অনুশীলনেই চোট পান কার্ল। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে জার্মান কোচ জুলিয়ান নাগেলসমান বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে আজ অনুশীলনে লেনি চোট পেয়েছে। এখন আমাদের রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। সত্যি বলতে, পরিস্থিতি খুব একটা ভালো মনে হয়নি।

কার্লকে এবারের বিশ্বকাপের অন্যতম সম্ভাবনাময় তরুণ ফুটবলার হিসেবে দেখা হচ্ছিল। বায়ার্ন মিউনিখের হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে তিনি ক্লাবটির ইতিহাসে সবচেয়ে কম বয়সী চ্যাম্পিয়ন্স লিগ গোলদাতা হওয়ার কীর্তি গড়েন।

চলতি বছরের মার্চে জার্মান জাতীয় দলে অভিষেক হয় তার। এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে তিনটি ম্যাচ খেলেছেন এবং গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষে ৪-০ গোলের জয়ে শুরুর একাদশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

এদিকে জার্মানির অভিজ্ঞ গোলরক্ষক মানুয়েল নয়্যারকেও যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামানোর ঝুঁকি নিতে চাননি নাগেলসমান।

গত মাসে বায়ার্ন মিউনিখে খেলার সময় কাফে পাওয়া চোট নিয়ে এখনও পুরোপুরি সুস্থ নন ৪০ বছর বয়সী এই গোলরক্ষক।

ফলে প্রায় দুই বছর জাতীয় দলের হয়ে কোনো ম্যাচ না খেলেই বিশ্বকাপে যেতে পারেন নয়্যার। ২০২৪ ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও গত মাসে আবার জাতীয় দলে ফিরেছেন তিনি।

নয়্যারের অনুপস্থিতিতে দীর্ঘ সময় জার্মানির প্রথম পছন্দের গোলরক্ষক হিসেবে খেলেছেন অলিভার বাউমান। গত সপ্তাহে ফিনল্যান্ডের বিপক্ষেও একাদশে ছিলেন তিনিই। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.