× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল পিএসজি

স্পোর্টস ডেস্ক।

৩০ এপ্রিল ২০২৬, ১৩:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালের দ্বিতীয় লেগের আগে বড় ধাক্কা খেল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার আশরাফ হাকিমি উরুর চোটে ছিটকে গেছেন বায়ার্ন মিউনিখের বিপক্ষে ফিরতি লেগ থেকে।

ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গত মঙ্গলবার প্রথম লেগে ৫-৪ ব্যবধানে জয়ের ম্যাচে ডান উরুতে আঘাত পান হাকিমি। পরবর্তী মেডিকেল পরীক্ষায় তার চোট গুরুতর বলে নিশ্চিত করা হয়।

চিকিৎসকদের ধারণা, তিনি আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। এর ফলে আগামী বুধবার অ্যালিয়াঞ্জ অ্যারেনায় অনুষ্ঠিত হতে যাওয়া সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে পারবেন না মরক্কোর এই রাইট-ব্যাক।

তবে পিএসজি ফাইনালে উঠতে পারলে ৩০ মের শিরোপা নির্ধারণী ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার পার্ক দে প্রিন্সেসে অনুষ্ঠিত প্রথম লেগে পুরো ৯০ মিনিট খেলেছিলেন হাকিমি। ম্যাচ চলাকালীন একপর্যায়ে ডান উরুতে ব্যথা অনুভব করে তিনি মাটিতে পড়ে যান। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা তৈরি হয়।

পিএসজি জানায়, বিস্তারিত পরীক্ষার পর চিকিৎসা দল নিশ্চিত হয়েছে, হাকিমির ফিরতে সময় লাগবে কয়েক সপ্তাহ। ফলে জার্মানিতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তার অনুপস্থিতি দলটির রক্ষণভাগে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

মরক্কোর জাতীয় দলের নিয়মিত এই ফুটবলার আন্তর্জাতিক পর্যায়ে ৯০টির বেশি ম্যাচ খেলেছেন এবং ২০২২ বিশ্বকাপে তার পারফরম্যান্স ছিল গুরুত্বপূর্ণ। ক্লাব ও জাতীয় দল— দুই জায়গাতেই তিনি অন্যতম নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে পরিচিত।

এর আগে চলতি মৌসুমেই গোড়ালির চোটে কয়েক মাস মাঠের বাইরে ছিলেন হাকিমি। তবে আফ্রিকান কাপ অফ নেশনস ও ক্লাব ফুটবলে ফিরে এসে তিনি আবারও দলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে শুরু করেছিলেন।

শুধু হাকিমিই নয়, বুধবার সকালে অনুশীলনের সময় ঊরুর চোটে পড়েন পিএসজির গোলকিপার লুকাস শেভালিয়ের। পিএসজির হয়ে গত জানুয়ারিতে সর্বশেষ মাঠে নামা শেভালিয়েরকেও আগামী কয়েক সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হবে। সেমিফাইনাল প্রথম লেগে পিএসজির পোস্ট সামলান রুশ গোলকিপার মাতভেই সাফোনভ, বেঞ্চে ছিলেন শেভালিয়ের।

হাকিমি ও লুকাস শেভালিয়ের ছিটকে পড়া পিএসজির জন্য সেমিফাইনালের দ্বিতীয় লেগে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে, যেখানে ফাইনালের টিকিট নিশ্চিত করতে কঠিন পরীক্ষার মুখে পড়তে হবে ফরাসি ক্লাবটিকে।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.