খেলার মাঝেই অজ্ঞান হওয়ার পর মাঠেই প্রাণ হারিয়েছেন নাইজেরিয়ার সাবেক ফরোয়ার্ড মাইকেল এনেরামো। মৃত্যুর সম্ভাব্য কারণ হিসেবে ‘হৃদরোগে আক্রান্ত’ হওয়ার কথা জানিয়েছে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন (এনএফএফ)। আন্তর্জাতিক ফুটবলে ১০টি ম্যাচ খেলেছেন ৪০ বছর বয়সী এই ফুটবলার।
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে কাদুনার উঙ্গওয়ান ইয়েলওয়ায় অনুষ্ঠিত প্রীতি ম্যাচের প্রথমার্ধে পুরোটা সময়ই খেলেন এনেরামো। দ্বিতীয়ার্ধে খেলতে নেমেই বিপত্তি বাধে।
এক বিবৃতিতে নাইজেরিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ‘৪০ বছর বয়সী এনেরামো ম্যাচের দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মধ্যেই সম্ভবত কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হন।’ এনএফএফ–এর সাধারণ সম্পাদক মোহাম্মেদ সানুসি বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক। এই মুহূর্তে আমি ভাষাহীন।’
২০০৯ সালের ফেব্রুয়ারিতে জ্যামাইকার বিপক্ষে প্রীতি ম্যাচে নাইজেরিয়ার হয়ে অভিষেক হয় এনেরামোর। যার তিন মাস পর আয়ারল্যান্ডের বিপক্ষে আরেকটি প্রীতি ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলটি করেন। নাইজেরিয়ার হয়ে মোট ১০টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।