জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস জানিয়েছেন, সংরক্ষিত নারী আসনে নিজেই মনোনয়ন চাননি। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক বিবৃতিতে এ কথা জানান তিনি।
তিনি বলেন, আমি আফরোজা আব্বাস, মির্জা আব্বাসের স্ত্রী এটাই আমার পরিচয়। সাম্প্রতিক নির্বাচন ও বিভিন্ন প্রচারিত তথ্যের প্রেক্ষাপটে সবার উদ্দেশ্যে কয়েকটি বিষয় স্পষ্ট করতে চাই। প্রথমেই জানাতে চাই, আমি কখনোই সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইনি। তবে আমাকে এই প্রস্তাব দেয়ার জন্য দলের মহাসচিবের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।
আফরোজা আব্বাস আরও বলেন, আমার নাম জড়িয়ে যে বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে, তা থেকে সকলকে বিরত থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। এ ধরনের তথ্য আমার ব্যক্তিগত ও রাজনৈতিক ইমেজ ক্ষুণ্ন করছে, যা অনভিপ্রেত।
মির্জা আব্বাসের অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, এই সময়টি আমার ব্যক্তিগত জীবনের জন্য অত্যন্ত কঠিন। আমার প্রিয় স্বামী, মির্জা আব্বাসের অসুস্থতার কারণে আমি গভীর মানসিক অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছি। এই বাস্তবতায় আমার বর্তমান ও একমাত্র অগ্রাধিকার তার সুস্থতা নিশ্চিত করা।
যারা নির্বাচনে অংশ নিচ্ছে তাদের সফলতা কামনা করে আফরোজা আব্বাস বলেন, আমি আন্তরিকভাবে কামনা করি—যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করছেন, তারা যেন সফল হন এবং নারীর মর্যাদা, অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় ভূমিকা পালন করেন। যারা সাহস করে সামনে এসেছেন, তারা পরিবর্তনের প্রতীক। আর যারা নির্বাচিত হননি, তাদের প্রতি অনুরোধ—হতাশ হবেন না; আপনাদের সময় সামনে অপেক্ষা করছে। যারা নির্বাচিত হয়েছেন, তাদের প্রতি আমাদের অগাধ প্রত্যাশা রইল। মনে রাখতে হবে, আপনাদের প্রতিটি পদক্ষেপের দিকে তাকিয়ে আছে হাজারো কিশোরী—তাদের নিরাপত্তা, শিক্ষা ও স্বপ্ন এখন আপনাদের নীরব দায়িত্ব।
তিনি বলেন, দলমত ও বিভাজনের ঊর্ধ্বে উঠে বাংলাদেশের প্রতিটি নারীর জন্য সমান অধিকার, ন্যায়বিচার এবং ভয়হীন জীবনের নিশ্চয়তা নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব। আজ আমার ব্যক্তিগত কষ্ট আছে, কিন্তু সেই কষ্টের মধ্য দিয়েই আমি বিশ্বাস করি—নারীর শক্তি কখনো থামে না, থামানো যায় না।