বাংলা নববর্ষকে বরণ করে নিতে রাজধানী ঢাকায় বৈশাখী শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার (১৪ এপ্রিল) দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়। এতে নারী, শিশুসহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ অংশ নেন।
শোভাযাত্রায় দেশীয় সংস্কৃতির নানা উপকরণ যেমন মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল ও কুলার প্রদর্শন করা হয়। বাঙালিয়ানার ঐতিহ্যবাহী সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল বিশেষভাবে চোখে পড়ার মতো। দেশাত্মবোধক গান, জারি, সারি ও ভাটিয়ালি সংগীতে পুরো আয়োজন উৎসবমুখর হয়ে ওঠে।
শোভাযাত্রার আগে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা দেশীয় সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
বক্তারা হারিয়ে যাওয়া সংস্কৃতি ও ঐতিহ্য পুনরুদ্ধারে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। পাশাপাশি বাঙালির প্রকৃত চেতনা জাগ্রত করার আহ্বান জানান তারা।
তবে সমাবেশে এমন সংস্কৃতি থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়, যা ইমান ও আকিদার ক্ষতি করে বা ইসলামী শরিয়ার পরিপন্থী।