দেশের মানুষের সেবায় বিএনপির সকল নেতাকর্মী এক হয়ে কাজ করবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। সোমবার (৯ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি কপোর্রেশনের উদ্যোগে পুরান ঢাকার আলাউদ্দিন রোডে সিদ্দিক বাজার কমিউনিটি সেন্টার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেন, আমরা যারা নতুন সংসদ সদস্য হয়েছি, মন্ত্রিসভায় স্থান পেয়েছি, সকলে একসাথে দেশের জনগণের সমস্যা নিরসনে জোরালো ভূমিকা রাখবো ইনশাআল্লাহ।
এসময়, এলাকাবাসীর চাহিদা ও নাগরিক স্বাস্থ্য সেবার জন্য সিদ্দিকবাজার কমিউনিটি সেন্টারে একটি স্বাস্থ্য সেবা কেন্দ্র স্থাপন করা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।
এসময় তিনি আরও বলেন, শহর পরিষ্কার রাখার দায়িত্ব শুধু সিটি কর্পোরেশনের নয়, নাগরিকদেরও। একটা সুন্দর শহর করতে নাগরিকদের সাহায্য প্রয়োজন বলেও জানান তিনি।
এছাড়া কেউ ময়লার মাসিক বিল ১০০ টাকার বেশি দাবি করলে তাকে সিটি কপোর্রেশনের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে বলেও জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম।