× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

প্রখ্যাত ভারতীয় আলেম আল্লামা সাজ্জাদ নোমানী বাংলাদেশে আসছেন আজ

ডেস্ক রিপোর্ট।

১২ জুলাই ২০২৬, ১৬:১৮ পিএম

ছবি: সংগৃহীত।

এশিয়ার প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ, গবেষক ও বিশিষ্ট আলেম আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী বাংলাদেশে আসছেন।

আজ রোববার (১২ জুলাই) ১১ দিনের সফর শুরু হবে। তার এ সফরকে ঘিরে দেশের আলেম-উলামা, গবেষক, শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামপ্রেমী মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

সফরকালে তিনি দেশের বিভিন্ন স্থানে আয়োজিত দ্বীনি সেমিনার, ইসলামী চিন্তা ও গবেষণাবিষয়ক মতবিনিময় সভা, তরুণদের উদ্দেশে দাওয়াহভিত্তিক কর্মসূচি এবং আলেম-উলামাদের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। পাশাপাশি সমসাময়িক ইসলামী চিন্তা, শিক্ষা ও সমাজসংক্রান্ত বিভিন্ন বিষয়েও তিনি দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন।

আগামী ১৮ জুলাই রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে অনুষ্ঠিতব্য ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) কনফারেন্সে তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

একই অনুষ্ঠানে তার উপস্থিতিতে ‘ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী (রহ.) স্মারকগ্রন্থ’-এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।

রাজধানীর কর্মসূচির পাশাপাশি চট্টগ্রাম সফরেও তার গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে। এ সময় তিনি দেশের ঐতিহ্যবাহী দুটি দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান—হাটহাজারী ও পটিয়ার মতো দেশের বৃহৎ দুটি মাদরাসা পরিদর্শন করবেন এবং সেখানকার আলেম, শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করবেন।

উল্লেখ্য, ১৯৫৫ সালে ভারতের লখনউয়ে জন্মগ্রহণকারী আল্লামা খলিলুর রহমান সাজ্জাদ নোমানী উপমহাদেশের অন্যতম খ্যাতিমান ইসলামী ব্যক্তিত্ব।

তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের খাস কমিটির সদস্য ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মুম্বাইয়ের ইমাম শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রিসার্চ ইনস্টিটিউট এবং জামিয়া দারুল উলুম ইমামে রব্বানী-এর পরিচালক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। ইসলামী গবেষণা, শিক্ষা, সমসাময়িক মুসলিম সমাজ ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে তাঁর অবদান আন্তর্জাতিকভাবে স্বীকৃত ও ব্যাপকভাবে সমাদৃত।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.