শ্বাসতন্ত্রের রোগের আধুনিক চিকিৎসা, গবেষণা ও প্রযুক্তিগত উদ্ভাবন নিয়ে মালয়েশিয়ার পেনাংয়ে অনুষ্ঠিত হয়েছে চার দিনব্যাপী ‘৩০তম এশিয়া-প্যাসিফিক সোসাইটি অব রেসপিরোলজি (এপিএসআর) কংগ্রেস ২০২৬’।
গত ১৯ থেকে ২২ নভেম্বর অনুষ্ঠিত সম্মেলনে ৪০ দেশের প্রায় তিন হাজার বক্ষব্যাধি বিশেষজ্ঞ, গবেষক ও স্বাস্থ্য পেশাজীবী অংশ নেন। বাংলাদেশ থেকে অংশ নেন প্রায় ৩৭৫ চিকিৎসক।
‘রিইমাজিনিং রেসপিরেটরি কেয়ার’ প্রতিপাদ্যে আয়োজিত সম্মেলনে অ্যাজমা, সিওপিডি, ফুসফুসের ক্যানসার, যক্ষ্মাসহ শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগের আধুনিক চিকিৎসা, দ্রুত রোগনির্ণয়, ডিজিটাল স্বাস্থ্যসেবা ও উদ্ভাবনী প্রযুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি স্বল্প ব্যয়ে উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সম্মেলনে প্লেনারি লেকচার, সিম্পোজিয়াম, কর্মশালা, গবেষণা প্রবন্ধ উপস্থাপনা ও পোস্টার সেশনের মাধ্যমে বিশেষজ্ঞরা অভিজ্ঞতা ও গবেষণার ফলাফল বিনিময় করেন।
সম্মেলন শেষে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক এবং বাংলাদেশ লাং ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. মো. আলী হোসেন জানান, ২০৩০ সালের এপিএসআর আন্তর্জাতিক কংগ্রেস বাংলাদেশে আয়োজনের প্রস্তাব দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ সফলভাবে এই সম্মেলন আয়োজন করতে পারবে। আগামী বছরের নভেম্বরে জাতীয় বক্ষব্যাধি সম্মেলন ‘পালমোকন’ শেষ হওয়ার পর আন্তর্জাতিক আয়োজনের প্রস্তুতি জোরদার করা হবে।
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের মহাসচিব অধ্যাপক ডা. আসিফ মুজতবা মাহমুদ জানান, এবারের সম্মেলনে অ্যাজমা, সিওপিডি, শ্বাসতন্ত্রের সংক্রমণ, ফুসফুসের ক্যানসার ও যক্ষ্মা মোকাবিলায় ‘বিগ ফাইভ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে রোগ প্রতিরোধ, দ্রুত শনাক্তকরণ এবং নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে সহজলভ্য চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
সংগঠনটির কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আবদুস শাকুর খান জানান, এবারের কংগ্রেসে বাংলাদেশ লাং ফাউন্ডেশন থেকে রেকর্ডসংখ্যক প্রতিনিধি অংশ নিয়েছেন। সংগঠনকে আরও শক্তিশালী করতে তরুণ চিকিৎসকদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বাংলাদেশ লাং ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. কাজী সাইফুদ্দিন বেননুর বলেন, সম্মেলনে অর্জিত অভিজ্ঞতা বাংলাদেশের চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক রোগনির্ণয় পদ্ধতির প্রসার এবং শ্বাসতন্ত্রের রোগের চিকিৎসা আরও সহজলভ্য করতে সহায়ক হবে।
আন্তর্জাতিক এই সম্মেলন বাংলাদেশের বক্ষব্যাধি চিকিৎসা ও গবেষণায় নতুন সম্ভাবনা তৈরি করেছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ২০৩০ সালের কংগ্রেস আয়োজনের সুযোগ পেলে বিশ্বপরিসরে বাংলাদেশের চিকিৎসাসক্ষমতা আরও দৃশ্যমান হবে।