রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ছাড়া অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ বিক্রি ও বিতরণ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর (ডিজিডিএ)। এই নির্দেশনা অমান্য করে কোনো ফার্মেসি অ্যান্টিবায়োটিক বিক্রি করলে বা সঠিক হিসাব সংরক্ষণ না করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এক গণবিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) স্বাক্ষরিত ‘অ্যান্টিবায়োটিক এর যৌক্তিক ব্যবহার সম্পর্কিত সচেতনতামূলক গণবিজ্ঞপ্তিতে’ এসব নির্দেশনা ও পরামর্শ দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে ফার্মেসি মালিক ও ফার্মাসিস্টদের উদ্দেশ্যে বলা হয়েছে, ‘ঔষধ ও কসমেটিকস আইন, ২০২৩’-এর ৪০(২) ধারা মোতাবেক রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া ‘ওভার দ্য কাউন্টার’ (ওটিসি) পদ্ধতিতে কোনো অ্যান্টিবায়োটিক বা অন্য কোনো ওষুধ বিক্রি ও বিতরণ করা যাবে না। এছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয়ের তথ্য রেজিস্টারে যথাযথভাবে লিপিবদ্ধ করার পাশাপাশি ক্রেতাকে স্পষ্ট স্বাক্ষর ও তারিখসহ ক্যাশমেমো প্রদান করতে হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, সব ধরনের অ্যান্টিবায়োটিক নির্ধারিত তাপমাত্রায় সংরক্ষণ করতে হবে এবং লাল লেবেল সম্বলিত মোড়কে উপস্থাপন ছাড়া অ্যান্টিবায়োটিক ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। রোগীরা যেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধের পূর্ণ কোর্স সম্পন্ন করেন, সে বিষয়েও ফার্মাসিস্টদের পরামর্শ দিতে বলা হয়েছে। প্রেসক্রিপশন ছাড়া বিক্রি বা রেজিস্টার সংরক্ষণে ব্যর্থ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, অ্যান্টিবায়োটিক ব্যবহারকারী সাধারণ জনগণের প্রতিও বেশ কিছু জরুরি পরামর্শ দিয়েছে অধিদপ্তর। এতে বলা হয়েছে, রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক কেনা ও সেবন থেকে বিরত থাকতে হবে। ওষুধ কেনার সময় অবশ্যই মোড়কে উল্লিখিত মেয়াদ দেখে নিতে হবে এবং বিক্রেতার স্বাক্ষর ও তারিখযুক্ত ক্যাশমেমো সংগ্রহ করতে হবে।
এছাড়া সুস্থতা অনুভব করলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিকের পূর্ণ কোর্স সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, পূর্ণ কোর্স ব্যবহার না করলে জীবাণু অ্যান্টিবায়োটিক প্রতিরোধী (রেজিস্ট্যান্ট) হয়ে যায়, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ বা নষ্ট হয়ে যাওয়া অ্যান্টিবায়োটিক মাটি, পানি বা সাধারণ ময়লা-আবর্জনার সঙ্গে না ফেলে নিকটস্থ ফার্মেসিতে ফেরত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।