ছবি: সংগৃহীত।
বিএনপির দলীয় সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের দ্বিতীয় জানাজা রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যায়লের সামনে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) দুপুর সোয়া ২টার দিকে এ জানাজা অনুষ্ঠিত হয়।
এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। প্রথম জানাজায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
নয়াপল্টনে জানাজায় অংশ নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, এটি স্বাভাবিক মৃত্যু নয়, অত্যাচার ও নিপীড়নের ফলে মৃত্যু। নির্যাতনে ক্ষতবিক্ষত হয়ে তার মৃত্যু হয়েছে। ২০২৩ সালের অক্টোবরের আন্দোলনের সময় তাকে অত্যন্ত নিষ্ঠুর ও নির্মমভাবে গ্রেপ্তার করে নির্যাতন চালানো হয়। কারাগারে তিনি বারবার অসুস্থ হয়ে পড়েন। কিন্তু তাকে জামিন দিয়ে উন্নত চিকিৎসার কোনো ব্যবস্থা করা হয়নি।
তিনি বলেন, দেশে গণতান্ত্রিক পরিবেশের যতটুকু সৃষ্টি হয়েছে, সেই পরিবেশ বেশি দিন ভোগ করতে পারলেন না আলহাজ সালাহউদ্দিন আহমেদ। তবে তিনি কয়েকটি দৃষ্টান্ত রেখে গেছেন। একজন রাজনীতিবিদ তার রাজনৈতিক জীবনে যে দৃষ্টান্তগুলো রেখে যান, তার মধ্যে রয়েছে একাগ্রতা, দলের প্রতি অকুণ্ঠ সমর্থন এবং দলের কর্মসূচির প্রতি আনুগত্য।
রিজভী বলেন, নানা নিপীড়ন-নির্যাতনের পরও তিনি দলের প্রতি তার আনুগত্য থেকে বিচ্যুত হননি। এই দৃষ্টান্ত স্থাপন করেছেন আলহাজ সালাহউদ্দিন আহমেদ, যে দৃষ্টান্ত অনেকেই স্থাপন করতে পারেননি। অনেক জাতীয় নেতাও বিভিন্ন সময়ে তাদের আদর্শ ও অবস্থান থেকে বিচ্যুত হয়েছেন। কিন্তু শত নির্যাতনের পরও আলহাজ সালাহউদ্দিন আহমেদ তার আদর্শ ও নীতি থেকে বিচ্যুত হননি।
বিএনপির যুগ্মমহাসচিব হাবিব উন নবী খান সোহেল বলেন, সাহস, ত্যাগ ও দিকনির্দেশনা দিয়ে তিনি ঢাকা মহানগর বিএনপিকে শক্তিশালী করেছেন। সালাহউদ্দিন আহমেদ হয়তো শারীরিকভাবে আমাদের মাঝে থাকবেন না। আমরা তাকে আর কাছে পাব না। কিন্তু ঢাকা মহানগর বিএনপির প্রতিটি কর্মকাণ্ডে, প্রতিটি মিছিলে, প্রতিটি লড়াই ও সংগ্রামে সাহসের বাতিঘর হয়ে আমাদের প্রিয় সালাহউদ্দিন আহমেদ আজীবন বেঁচে থাকবেন। আমরা কোনো দিনই তাকে ভুলতে পারব না। আমাদের স্লোগানে, আমাদের মিছিলে সালাউদ্দিন ভাই আজীবন জীবন্ত হয়ে আমাদের মাঝে থাকবেন।
জানাজায় বাবার কথা বা কোনো কাজের জন্য কষ্ট পেয়ে থাকলে তার জন্য ক্ষমা চেয়েছেন তার ছেলে ও মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিন।
জানাজায় অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন, বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যু্গ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, আব্দুস সালাম আজাদ, হাবীব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবকবিষয়ক সহসম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েল, সমাজকল্যাণবিষয়ক সহসম্পাদক কাজী আবুল বাশার, শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মজনু, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মওলা শাহীন সহ সহস্রাধিক নেতাকর্মী।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
