ছবি: সংগৃহীত।
কয়েক দিনের তীব্র গরমের পর দেশের আবহাওয়ায় পরিবর্তনের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ায় সারা দেশে বৃষ্টিপাত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
সোমবার (১১ মে) বেলা ১১টায় প্রকাশিত আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় বলা হয়, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ সৃষ্টি হতে পারে এবং এ পরিস্থিতি কয়েক দিন স্থায়ী হতে পারে। এর প্রভাবে আগামী বুধবার (১৩ মে) সন্ধ্যা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ১৬ মে পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও অতি ভারি বৃষ্টিও হতে পারে।
বিশেষ করে সিলেট বিভাগের কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতার আশঙ্কার কথাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সংস্থাটি আরও জানিয়েছে, উত্তর শ্রীলংকা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপটি সৃষ্টি হয়েছে। পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় অবস্থান করছে।
আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, বজ্রমেঘের প্রভাবে রোববার থেকেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি শুরু হয়েছে এবং আগামী দিনগুলোতে এর পরিমাণ আরও বাড়বে। মঙ্গলবার থেকে রংপুর বিভাগে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। পাশাপাশি ময়মনসিংহ, সিলেট ও ঢাকা বিভাগেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. ওমর ফারুক গণমাধ্যমে বলেন, চলতি সপ্তাহের বাকি সময়জুড়ে দেশের প্রায় সব এলাকাতেই কমবেশি বৃষ্টি হতে পারে। তবে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির সম্ভাবনা বেশি।
তিনি আরও বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি শক্তিশালী হবে কিনা, সে বিষয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে আরও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। শক্তিশালী হলে এটি উপকূলের কোন এলাকায় প্রভাব ফেলতে পারে, সেটিও তখন বোঝা যাবে।
সাধারণত ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত হলে তাকে ‘ভারি’ বৃষ্টি বলা হয়। আর ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হলে তাকে ‘অতি ভারি’ বর্ষণ বলা হয়।
এই অতি ভারি বর্ষণের কারণে সিলেট বিভাগের নিচু এলাকায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস।
সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, প্রথম দিন সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
মঙ্গলবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
বুধবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে।
বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েএক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেইসঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
১৫ মে শুক্রবার ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বোচ্চ ৬৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এসময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় লক্ষ্মীপুরের রামগতি উপজেলায়, ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
