× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

৬ মে থেকে কার্ডের মাধ্যমে সহায়তা পাবেন হাওড়ের ক্ষতিগ্রস্ত কৃষকরা: ত্রাণমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

০৩ মে ২০২৬, ১৯:০৩ পিএম

ছবি: সংগৃহীত।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, মন্ত্রণালয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের কার্ডের মাধ্যমে তিন মাসের জন্য খাদ্য ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হবে। আগামী ৬ মে এ কর্মসূচি শুরু হবে। পাশাপাশি কৃষকদের পুনর্বাসনের জন্য কৃষি মন্ত্রণালয় উদ্যোগ গ্রহণ করেছে বলেও জানিয়েছেন তিনি।

রোববার (৩ মে) লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি কলেজ মাঠে তিনি এসব কথা বলেন। এ সময় দরিদ্র ও অসহায় পরিবারের টেকসই জীবিকায়ন নিশ্চিত করতে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যাকাতভিত্তিক উদ্যোগ ‘সম্বল’ প্রকল্পের এ বছরের কার্যক্রম উদ্বোধন করা হয়।

মন্ত্রী বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওড়াঞ্চলের লাখ-লাখ হেক্টর ফসল, বিশেষ করে ধান পানিতে ডুবে গেছে। ফলে সেখানকার কৃষকরা চরম অসহায় অবস্থায় পড়েছেন। প্রধানমন্ত্রীর নির্দেশে আগামী তিন মাস ক্ষতিগ্রস্ত কৃষকদের খাদ্য ও অর্থ সহায়তা দেওয়া হবে।

তিনি আরও বলেন, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও সিলেটের বিস্তীর্ণ এলাকা এবং ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ পানিতে ডুবে গেছে।  ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হয়েছে। তিন মাসের জন্য একটি কার্ডের মাধ্যমে প্রতি মাসে তাদের সহায়তা দেওয়া হবে।  আগামী ৬ মে সুনামগঞ্জ থেকে এ কার্যক্রম শুরু হবে।

সরকার হাওড়াঞ্চলের মানুষের পাশে থেকে সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

 


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.