চীন ও ভারত থেকে ৫৩ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো দুটি ট্যাংকার। শনিবার (২ মে) ৩৪ হাজার ৬০০ টন ডিজেল নিয়ে পানামার পতাকাবাহী জাহাজ ‘প্রাইভেট সোলানা’ এসে ভিড়েছে কুতুবদিয়া এঙ্করেজে।
এর আগে শুক্রবার বিকেলে চীন থেকে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজ ‘লিলা কিংস্টন’ নামের একটি ট্যাংকার ১৯ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসে।
বর্তমানে ডলফিন জেটি ও বহির্নোঙর মিলিয়ে মোট সাতটি জ্বালানি তেলবাহী জাহাজ অবস্থান করছে। এর মধ্যে একটি জাহাজ থেকে লাইটারিংয়ের মাধ্যমে তেল খালাস কার্যক্রম চলছে।
এর আগে, গত এপ্রিল মাসে ৬ লাখ ৫ হাজার ২২৭ টন জ্বালানি তেল আমদানী করা হয়েছে। আর মে মাসে ১ লাখ টন ক্রুড অয়েলসহ মোট ৬ লাখ টন জ্বালানি আমদানি নিশ্চিত করেছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন।