শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ফেসবুকে দেখতে পাই আমাকে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে যশোর পিটিআই অডিটরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষ্যে যশোর শিক্ষাবোর্ড এবং খুলনা বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
সভায় প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, ফেসবুকে দেখতে পাই আমাকে নিয়ে অনেক ট্রল করা হয়। আমার খারাপ লাগে না। আমি জবাবদিহির কাঠগড়ায় দাঁড়াতে চাই। সংসদে বিরোধীদলের সংসদ সদস্যরা প্রতিদিন একটা করে নোটিশ দিক আমি এটাই চাই।
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। বিশেষ অতিথি ছিলেন ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মতিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলিম, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।
শিক্ষামন্ত্রী ছাড়াও সভায় বক্তব্য রাখেন, কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী রুহুল আমিন, মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিয়া মো. নুরুল হক।
সভায় বক্তারা পরীক্ষা কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং প্রশ্নফাঁস রোধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য একটি স্বচ্ছ ও সহনশীল পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করা হয়। এবছর যশোর বোর্ডে ২৯৯ টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে।