× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জাতিসংঘ শান্তি মিশনের ফোর্স কমান্ডার হলেন লে. জে. মিনহাজুল আলম

ডেস্ক রিপোর্ট।

০৯ এপ্রিল ২০২৬, ১৫:১৯ পিএম

ছবি: সংগৃহীত।

জাতিসংঘের শান্তি রক্ষা কার্যক্রমে আবারও বড় এক সাফল্যে নাম লেখালো বাংলাদেশ। সাইপ্রাসে নিয়োজিত জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনীর (ইউএনএফআইসিওয়াইপি) নতুন 'ফোর্স কমান্ডার' হিসেবে বাংলাদেশের লেফটেন্যান্ট জেনারেল আসাদুল্লাহ মিনহাজুল আলমের নাম ঘোষণা করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

বুধবার (৮ এপ্রিল) নিউ ইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়। তিনি মঙ্গোলিয়ার লেফটেন্যান্ট জেনারেল এরদেনেবাত বাতসুরির স্থলাভিষিক্ত হবেন।

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘ ৩০ বছরেরও বেশি সময় ধরে নেতৃত্ব ও কমান্ডের অভিজ্ঞতা সম্পন্ন একজন চৌকস কর্মকর্তা। বর্তমানে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি হিসেবে দায়িত্বরত আছেন। এর আগে তিনি ১০ পদাতিক ডিভিশনের জিওসি ও কক্সবাজারের এরিয়া কমান্ডার এবং ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

জাতিসংঘের নীল হেলমেট পরে কাজ করার অভিজ্ঞতা তার জন্য নতুন নয়। এর আগে তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে সেক্টর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন (২০২০-২০২১)। পূর্ব তিমুরে সামরিক পর্যবেক্ষক হিসেবে কাজ করেছেন (১৯৯৯-২০০০)।

এছাড়া তার বর্ণাঢ্য ক্যারিয়ারে সন্ত্রাস দমন, অভ্যন্তরীণ নিরাপত্তা এবং দুর্যোগ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের রেকর্ড রয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মিনহাজুল আলম কেবল সমরবিদ্যার দক্ষতাই নয়, বরং শিক্ষা ক্ষেত্রেও ঈর্ষণীয় সাফল্যের অধিকারী। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কের ওপর পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডি.সি.-র ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজিতে স্নাতকোত্তর করেছেন। পাশাপাশি ডিফেন্স স্টাডিজে মাস্টার্স এবং এমবিএ ডিগ্রিধারী এই কর্মকর্তা ইংরেজি ভাষায় অত্যন্ত দক্ষ।

জাতিসংঘ মহাসচিব বিদায়ী ফোর্স কমান্ডার বাতসুরির সেবার প্রশংসা করার পাশাপাশি নতুন কমান্ডার হিসেবে মিনহাজুল আলমের নেতৃত্বের ওপর গভীর আস্থা প্রকাশ করেছেন।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.