রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজের কার্গো কম্পার্টমেন্ট থেকে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৮ কোটি টাকা বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, রাত ৯টা ৮ মিনিটে দুবাই থেকে ছেড়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-৩৪৮ অবতরণের পর উড়োজাহাজটিতে তল্লাশি চালানো হয়।
গোয়েন্দা সংস্থা ও এভিয়েশন সিকিউরিটি (এভসেক) সদস্যদের সমন্বয়ে পরিচালিত অভিযানে কার্গো হোল্ডের একটি টয়লেটের প্যানের ভেতর থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়। এসব বারের প্রতিটির ওজন ১১৬ গ্রাম, যা মোট ওজন ১৭ দশমিক ৭৮৪ কেজি।
পরে উদ্ধার করা সোনার বারগুলো বিধি অনুযায়ী বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চোরাচালান প্রতিরোধে নজরদারি আরো জোরদার করা হয়েছে এবং এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।