× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রেলক্রসিংয়ে স্বয়ংক্রিয় সিগন্যাল বসানো হবে: কৃষিমন্ত্রী

ডেস্ক রিপোর্ট।

২২ মার্চ ২০২৬, ১৩:৫০ পিএম

ছবি: সংগৃহীত।

কুমিল্লায় ভয়াবহ বাস-ট্রেন সংঘর্ষে প্রাণহানির ঘটনার পর দেশের মহাসড়ক অতিক্রমকারী রেলক্রসিংগুলোতে স্বয়ংক্রিয় সিগন্যাল ব্যবস্থা চালুর ঘোষণা দিয়েছেন কৃষি, প্রাণিসম্পদ ও খাদ্যমন্ত্রী আমিনুর রশীদ।

রোববার (২২ মার্চ) সকাল ১১টার দিকে কুমিল্লার পদুয়ারবাজার বিশ্বরোড এলাকায় দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একাধিক তদন্ত কমিটি ইতোমধ্যে গঠন করা হয়েছে এবং সুষ্ঠু তদন্ত নিশ্চিত করা হবে।

আহতদের চিকিৎসা বিষয়ে তিনি বলেন, গুরুতরদের প্রয়োজন হলে ঢাকা বা বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা হবে। নিহতদের পরিবারকে মরদেহ বাড়িতে নেওয়ার জন্য তাৎক্ষণিক ২৫ হাজার টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

পরিদর্শন শেষে তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল গিয়ে আহতদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

উল্লেখ্য, শনিবার গভীর রাতে পদুয়ারবাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ঢাকামুখী ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন। নিহতদের মধ্যে পুরুষ, নারী ও শিশুও রয়েছে। দুর্ঘটনায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রেনটি বাসটিকে প্রায় এক কিলোমিটার পর্যন্ত ঠেলে নিয়ে যায়।

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ও পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান এবং নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রেলক্রসিংয়ে অসতর্কতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.