এনসিপির মুখপাত্র ও সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।
অভিযোগের ভিত্তিতে সোমবার সব ব্যাংকে চিঠি দিয়ে আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। তার হিসাব খোলার ফরম, লেনদেনসহ যাবতীয় তথ্য আগামী তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিলেন আসিফ মাহমুদসহ তিনজন ছাত্র প্রতিনিধি।
বিষয়টি নিয়ে ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, ‘আগামীকাল আমি নিজেই ব্যাংক স্টেটমেন্ট সবার জন্য উন্মুক্ত করব। পদত্যাগের আগেই আয়-সম্পদের হিসাব মন্ত্রিপরিষদ বিভাগে দিয়ে এসেছি।’
উল্লেখ্য, আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। ২০২৩ সালে আত্মপ্রকাশ করা গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন তিনি। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র।