ছবি: সংগৃহীত।
বাগেরহাটের রামপালে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি প্রাইভেট লিমিটেডের (বিআইএফপিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে মঙ্গলবার যোগদান করেছেন ভারতীয় প্রকৌশলী রমানাথ পূজারী। কেন ভারতীয় নাগরিক এই পদে দায়িত্ব নিলেন তা নিয়ে নানা প্রশ্ন উঠছে।
সংশ্লিষ্ট নথি ও চুক্তির কাঠামো পর্যালোচনায় দেখা যায়, ভারতীয় এমডি নিয়োগ এটি আকস্মিক কোনো ঘটনা নয়; বরং প্রকল্পের প্রতিষ্ঠাকালীন চুক্তির অংশ হিসেবেই নিয়মিত আবর্তন প্রক্রিয়ায় এ নিয়োগ দেওয়া হয়।
বাগেরহাটের রামপালে অবস্থিত বিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ ও ভারতের যৌথ উদ্যোগে নির্মিত একটি কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র। প্রকল্পটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) এবং ভারতের জাতীয় তাপবিদ্যুৎ কর্পোরেশন লিমিটেড (এনটিপিসি লিমিটেড)-এর মধ্যে ৫০:৫০ অংশীদারিত্বের ভিত্তিতে প্রতিষ্ঠিত।
যৌথ মালিকানার এ কোম্পানির নাম– বাংলাদেশ–ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি লিমিটেড (বিআইএফপিসিএল)। যেহেতু এটি একটি যৌথ উদ্যোগ প্রতিষ্ঠান, তাই এর শীর্ষ পদগুলো দুই অংশীদার প্রতিষ্ঠানের মধ্যে পর্যায়ক্রমে নির্ধারিত হয়।
চুক্তি অনুযায়ী, ব্যবস্থাপনা পরিচালক পদটি নির্দিষ্ট মেয়াদ শেষে বাংলাদেশ ও ভারতের মনোনীত কর্মকর্তাদের মধ্যে আবর্তিত হয়।
তথ্য অনুযায়ী, প্রকল্পটির প্রথম দুই ব্যবস্থাপনা পরিচালক—কাজী আবসার উদ্দিন ও সৈয়দ আকরামউল্লাহ—উভয়ই বাংলাদেশি ছিলেন। পরবর্তীতে তৃতীয় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে ভারতীয় নাগরিক সঙ্গীতা কৌশিক ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে দায়িত্ব পালন করেন। তার মেয়াদ শেষ হওয়ার পর চুক্তির ধারাবাহিকতায় বর্তমানে ভারতীয় নাগরিক রামনাথ পূজারী ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।
এই পদে যোগদানের আগে রমানাথ রামপাল মৈত্রী সুপার থার্মাল পাওয়ার প্রজেক্টের প্রকল্প পরিচালক ও নির্বাহী পরিচালক হিসেবে এই কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির প্ল্যান্ট পরিচালনা, প্ল্যান্ট নির্ভরযোগ্যতা, প্ল্যান্টের দক্ষতা উন্নত করাসহ পরিবেশগত নিয়মাবলী পরিপালনে সাথে সম্পৃক্ত ছিলেন। এই সময়ে তিনি বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধিতে অবদান রেখেছেন এবং স্থানীয় পর্যায়ে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম এবং প্রকল্পের ভিতরে টাউনশিপ উন্নয়নমূলক কাজও পরিচানা করেছেন ।
রামপাল কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটির ডিজিএম আনোয়ারুল আজিম এতথ্য নিশ্চিত করে জানান, নতুন ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী রমানাথ পূজারী ১৯৬৮ সালে ভারতের ওড়িশায় জন্ম গ্রহণ করেন। তিনি ভুবনেশ্বরের কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি থেকে বিই (মেকানিক্যাল) ডিগ্রি ও গুরগাঁওয়ের এমডিআই থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেছেন।
রমানাথ ভারতের আহমেদাবাদ থেকে আইআইএম ও মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিজনেস স্কুল থেকে উচ্চতর ডিগ্রী গ্রহণ করেছেন। তিনি ১৯৮৯ সালে ভারতের এনটিপিসিতে যোগদান করেন। ভারতের ছত্তিশগড় রাজ্যের ২৯৮০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন এনটিপিসির সিপাত পাওয়ার স্টেশনের প্রধানসহ বিদ্যুৎ খাতে তাঁর প্রায় ৩৬ বছরের অভিজ্ঞতা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
