× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আমন্ত্রণের তোড়জোড় পাকিস্তানের, ইসলামাবাদ যাচ্ছেন মোদি?

আন্তর্জাতিক ডেক্স।

২৫ নভেম্বর ২০২৬, ১৪:১৫ পিএম

ছবি: সংগৃহীত।

পহেলগামে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কের বরফ এখনও গলেনি। দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত থাকলেও এবার আলোচনার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। পাকিস্তানের পক্ষ থেকে ভারতকে একাধিক আঞ্চলিক বৈঠকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি ঘিরে দুই দেশের কূটনৈতিক মহলে শুরু হয়েছে নতুন আলোচনা। প্রশ্ন উঠেছে, ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করে ভারতের কোনো মন্ত্রী পাকিস্তান সফরে যাবেন কি না। 

সদ্য নয়াদিল্লিতে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থাভুক্ত দেশগুলোর সভ্যতা সংলাপে যোগ দিতে এসেছিলেন পাকিস্তানের জলবায়ু পরিবর্তন ও পরিবেশবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। প্রথমে ভারত পাকিস্তানের জাতীয় ঐতিহ্য ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী অওরঙ্গজেব খান খিচিকে আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইসলামাবাদ তার পরিবর্তে মুসাদিক মালিককে পাঠানোর সিদ্ধান্ত নেয়। 

এবার পাকিস্তানের সভাপতিত্বে আগামী বছরের শুরুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে সাংস্কৃতিক মন্ত্রীদের বৈঠক। ওই বৈঠকে ভারতকে আমন্ত্রণ জানানোর প্রস্তুতি নিচ্ছে ইসলামাবাদ। শুধু তাই নয়, আগামী বছরের শেষ দিকে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনেও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর কথা রয়েছে পাকিস্তানের। তবে পাকিস্তানের আমন্ত্রণ গ্রহণ করে মোদি নিজে ইসলামাবাদে যাবেন কি না, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। 

কূটনৈতিক মহলের একাংশের ধারণা, প্রধানমন্ত্রী সফর না করলেও ভারতের পক্ষ থেকে কোনো জ্যেষ্ঠ মন্ত্রীকে পাঠানো হতে পারে। এ ক্ষেত্রে আলোচনায় উঠে এসেছে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নাম। 

এর আগে ২০২৪ সালে কাজাখস্তানে অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে মোদির পরিবর্তে ভারতের প্রতিনিধিত্ব করেছিলেন জয়শঙ্কর। একই বছরের অক্টোবরে সংস্থাটির সরকারপ্রধানদের বৈঠকে যোগ দিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও গিয়েছিলেন তিনি। 

ফলে এবারও তার নেতৃত্বে ভারতীয় প্রতিনিধিদল পাকিস্তানে যেতে পারে বলে কূটনৈতিক মহলে আলোচনা চলছে। তবে বিষয়টি নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত নেয়নি নয়াদিল্লি। পহেলগাম হামলার পর পাকিস্তানের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত যে কঠোর অবস্থান নিয়েছে, তাতে ইসলামাবাদের আমন্ত্রণ গ্রহণ করা হবে কি না, তা নির্ভর করছে সামগ্রিক কূটনৈতিক পরিস্থিতির ওপর।

বিশ্লেষকদের মতে, আঞ্চলিক সহযোগিতার স্বার্থে বহুপক্ষীয় মঞ্চে যোগাযোগ বজায় রাখার প্রয়োজন রয়েছে। তবে সেই যোগাযোগকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক স্বাভাবিক হওয়ার ইঙ্গিত হিসেবে দেখার সুযোগ নেই। ফলে পাকিস্তানের আমন্ত্রণ ঘিরে ভারতের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.