× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মিয়ানমারে বাস্তুচ্যুতদের শিবিরে বিমান হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেক্স।

১৪ নভেম্বর ২০২৬, ২০:০৪ পিএম

ছবি: সংগৃহীত।

মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাজ্য রাখাইনে গৃহযুদ্ধের কারণে বাস্তুচ্যুত হওয়া মানুষের এক আশ্রয় শিবিরে বিমান হামলা চালিয়েছে দেশটির সেনাবাহিনী। এই হামলায় অন্তত ১২ জন নিহত ও আরও কমপক্ষে ১৮ জন আহত হয়েছেন। শনিবার স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীর বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, শুক্রবার সন্ধ্যার দিকে রাখাইনের রাজধানী সিত্তের উত্তরপূর্বাঞ্চলের পোনাগুন শহরের বিয়ার লা আইডিপি শিবিরে সামরিক বাহিনী বিমান হামলা চালিয়েছে। হামলায় নিজের মেয়ে, খালা ও মাকে হারানোর কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন ২৭ বছর বয়সী দোকানদার চিত সু ওয়াই।

তিনি বলেন, ‌‌‘‘আমি শুধু দেখতে পেয়েছিলাম যন্ত্রণায় তাদের মরদেহগুলো ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে। এসব বর্ণনা করার মতো কোনো ভাষা আমার নেই। আর আমরা সবাই কান্নায় দিশেহারা হয়ে পড়েছিলাম।’’

চিত সু বলেন, আমাদের পরিবারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেল। সেখানে আমার পরিবারের লোকজন ছাড়া আর কেউ ছিল না। আমরা যুদ্ধবিমানের কোনো শব্দ শুনতে পাইনি কিন্তু হঠাৎ করে এসে বোমা ফেলে গেল।

দেশটির সামরিক বাহিনী পাঁচ বছর আগে ক্ষমতা দখল করার পর থেকে মিয়ানমারে গৃহযুদ্ধ চলছে। ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে দেশটির গণতন্ত্রকামী কর্মী এবং দেশের প্রান্তিক অঞ্চলে দীর্ঘদিন ধরে প্রভাব বিস্তারকারী জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো সশস্ত্র প্রতিরোধ গড়ে তুলেছে।

এই যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর একটি মিয়ানমারের পশ্চিম উপকূলীয় রাখাইন রাজ্য। জাতিগত সংখ্যালঘু সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির প্রায় সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকা এই রাজ্য অবরুদ্ধ করে রেখেছে সামরিক বাহিনী। একই সঙ্গে ওই রাজ্যে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠী ও গণতন্ত্রকামীদের অবস্থান লক্ষ্য করে নিয়মিত বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনী।

তবে শুক্রবারের এই হামলার বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে এএফপি।

চিত সু ওয়াই বলেছেন, শুক্রবার রাতের হামলায় ১২ জন নিহত হয়েছেন। স্থানীয় উদ্ধার ও জরুরি সেবা সংস্থা ফিউসিন ইয়িন খুইন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাইন হেইন হটেটও মৃত্যুর ওই সংখ্যা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহতদের মধ্যে পাঁচ বছরের এক শিশুও রয়েছে এবং ওই শিবিরে অনেক বাসিন্দা চার বছর ধরে বসবাস করে আসছিলেন। সামরিক বাহিনীর হামলায় আরও ১৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

২৪ বছর বয়সী এই উদ্ধারকর্মী বলেন, শিবিরটিকে নিরাপদ ভেবে সবাই সেখানে আশ্রয় নিয়েছিলেন। আমরা যখন ঘটনাস্থলে পৌঁছাই, তখন দেখেছি বেশিরভাগ ভুক্তভোগী এক জায়গায় মারা গেছেন।

তিনি বলেন, ‘‘এই শিবিরটি কোনো যুদ্ধক্ষেত্র ছিল না। আমরা কখনো ভাবতেও পারিনি যে বাস্তুচ্যুত মানুষের এই শিবিরকেও লক্ষ্যবস্তু করা হবে।’’

শনিবার ওই গ্রামে গিয়ে দেখা যায়, কেবল বাঁশের তৈরি ধসে যাওয়া ঘরবাড়ির স্তূপ আর গৃহস্থালি সামগ্রী ও কাপড়ের আবর্জনার মাঝে উল্টে পড়া গাড়ির ধ্বংসাবশেষ। স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর বিমান হামলায় নিহতদের মরদেহ হলুদ ও লাল প্লাস্টিকে মুড়িয়ে অস্থায়ী কবরে দাফন করেছেন।

৪৫ বছর বয়সী অটোরিকশা চালক অং কিয়াও মিন হামলার খবর শোনার পর তিনি কীভাবে তার ভাই ও বোনের বসবাস করা গ্রামে ছুটে গিয়েছিলেন, সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন এএফপিকে। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমার বোনের শরীরটি ছিল মাথাবিহীন। আর আমার ভাই মৃত অবস্থায় পড়েছিল।

পরের দিন তিনি জানতে পারেন, তার মাও মারা গেছেন এবং ১০ বছরের একটি শিশুসহ তার অন্য আত্মীয়রাও নিখোঁজ রয়েছেন।

তার বোন পেশায় দর্জি ছিলেন। তিনিই তাদের মায়ের দেখাশোনা করতেন। আর তার ভাইও একজন অটোরিকশা চালক ছিলেন। তিনি বলেন, এখন আমার বোন, ভাই এবং মা; সবাই নিহত হয়েছেন। আমার ভাগ্নি ও ভাতিজারা এখনো নিখোঁজ রয়েছে, আমি জানি না তাদের কোথায় খুঁজে পাবো।

সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডি বলছে, মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সব পক্ষের সংঘাতে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.