× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ওমরাহ পালনে যাওয়ার আগে বিমানবন্দরে নামাজরত তুর্কি ইমামের মৃত্যু

আন্তর্জাতিক ডেক্স।

০৮ নভেম্বর ২০২৬, ১৯:১০ পিএম

ছবি: সংগৃহীত।

ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাওয়ার আগে তুরস্কের একটি বিমানবন্দরে নামাজ পড়তে গিয়ে মারা গেছেন ৬৮ বছর বয়সী এক অবসরপ্রাপ্ত ইমাম। শুক্রবার (৬ নভেম্বর) স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

মৃত ব্যক্তির নাম আবদুল্লাহ ওজকান। তিনি তুরস্কের কোনিয়া প্রদেশের বেইশেহির এলাকার বাসিন্দা ছিলেন। ওমরাহযাত্রীদের একটি দলের সঙ্গে মক্কায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ওই দলে প্রায় ১৮০ জন ছিলেন।

বিমানবন্দরে ইহরামের সাদা পোশাক পরে সহযাত্রীদের নিয়ে বিদায়ী নামাজে ইমামতি করছিলেন ওজকান। নামাজ শেষে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর দরুদ পাঠ করার সময় হঠাৎ তার কণ্ঠস্বর দুর্বল হয়ে আসে। একপর্যায়ে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

বিমানবন্দরের চিকিৎসাকর্মীরা দ্রুত প্রাথমিক চিকিৎসা ও হৃদ্‌যন্ত্র সচল করার চেষ্টা করেন। পরে তাকে জরুরি ভিত্তিতে সেলচুক বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অনুষদ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

তুরস্কের সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, তার হৃদ্‌রোগে আক্রান্ত হওয়ার কথা বলা হলেও মৃত্যুর সুনির্দিষ্ট কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

ওজকানের সহকর্মী ইসমাইল গুমুস জানান, প্রায় ১৫ বছর ধরে তিনি ওজকানের সঙ্গে কাজ করেছেন। ঘটনার আগে তার মধ্যে অসুস্থতার কোনো লক্ষণ দেখা যায়নি।

শুক্রবার বেইশেহিরের চারশি মসজিদে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তাকে দাফন করা হয়।
 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.