ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ভোটাররা প্রত্যাখ্যান করেছেন বলে মন্তব্য করেছেন দেশটির ডেমোক্র্যাটস পার্টির নেতা ইয়ার গোলান। মঙ্গলবার (২৭ অক্টোবর) প্রাথমিক বুথফেরত জরিপের ফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
ইয়ার গোলান বলেন, ‘ইসরায়েলে প্রকৃত পরিবর্তনের সরকার গঠনের ঐতিহাসিক সুযোগ আমাদের সামনে এসেছে। এই সুযোগ কোনোভাবেই হাতছাড়া করতে চাই না।’
তিনি আরও বলেন, তাদের দল সব অংশীদারের সঙ্গে কাজ করতে, মতপার্থক্য দূর করতে এবং দায়িত্ব নিতে প্রস্তুত।
এদিকে বিরোধী জোটের ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট বলেছেন, প্রাথমিক বুথফেরত জরিপের ফল নেতানিয়াহু ও তার সরকারের প্রতি মানুষের ‘সম্পূর্ণ অনাস্থা’ প্রকাশ করছে। ইসরায়েলের চ্যানেল ১২-কে তিনি বলেন, ফল চূড়ান্ত হলে তা দেশটির মূলধারার ইহুদিবাদী সংখ্যাগরিষ্ঠের বিজয় হবে।
আইজেনকোট আরও বলেন, জনগণের ইচ্ছা বাস্তবায়নে তিনি কাজ করবেন। নেতানিয়াহু সরকারকে সরিয়ে যত দ্রুত সম্ভব জাতীয় সংহতির ভিত্তিতে একটি ইহুদিবাদী সরকার গঠন করতে চান তিনি।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, লস অ্যাঞ্জেলেসের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক ডভ ওয়াক্সম্যানও প্রাথমিক জরিপের ফল নিয়ে বিশ্লেষণ করেছেন। ইসরায়েলের রাজনীতি ও ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতবিষয়ক এই বিশেষজ্ঞ আল-জাজিরাকে বলেন, জরিপের ফল সঠিক হলে নেতানিয়াহুর পক্ষে প্রধানমন্ত্রী হিসেবে টিকে থাকা প্রায় অসম্ভব হয়ে পড়বে।
ইসরায়েলের চ্যানেল ১৩-এর প্রক্ষেপণের বরাত দিয়ে ওয়াক্সম্যান বলেন, বুথফেরত জরিপে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবচেয়ে বেশি আসন পেলেও তার ডানপন্থী ও ধর্মীয় জোটের সম্মিলিত আসনসংখ্যা কমে ২০২২ সালের নির্বাচনের ৬৪ থেকে এবার সম্ভাব্য ৫০-এ নেমে এসেছে। এতে পরবর্তী সরকার গঠন করা নেতানিয়াহুর জন্য অত্যন্ত কঠিন হবে।
ওয়াক্সম্যান আরও বলেন, নেতানিয়াহুবিরোধী জোট প্রাথমিক জরিপে ৫৩টি আসন পেতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংসদীয় সংখ্যাগরিষ্ঠতা থেকে তারাও পিছিয়ে রয়েছে।
বুথফেরত জরিপের এসব ফল প্রাথমিক হিসাব; চূড়ান্ত ফল প্রকাশের আগে আসনসংখ্যা ও সরকার গঠনের সমীকরণে পরিবর্তন আসতে পারে।
তথ্যসূত্র: আল জাজিরা