× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মধ্যপ্রাচ্যের বিষয়গুলোর মধ্যে ফিলিস্তিন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ: চীন

২৫ আগস্ট ২০২৬, ১২:৫৩ পিএম

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, মধ্যপ্রাচ্যের বিষয়গুলোর মধ্যে ফিলিস্তিন ইস্যু সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেইজিংয়ে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। খবর টাইমস অব ইসরায়েলের।

সোমবার (২৪ আগস্ট) চীনের রাষ্ট্রীয় বেতারে প্রচারিত বৈঠকের সারসংক্ষেপে বলা হয়, ফিলিস্তিন ইস্যু মধ্যপ্রাচ্যের কেন্দ্রীয় বিষয়। এ সংকটের রাজনৈতিক সমাধান এবং ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনা দ্রুত পুনরায় শুরু করার আহ্বান জানান শি। একই সঙ্গে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রক্রিয়া দ্রুত এগিয়ে নেওয়ার ওপরও জোর দেন তিনি।

এদিকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলের পরিস্থিতি আবারও গুরুত্বপূর্ণ সংকটময় পর্যায়ে পৌঁছেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোকে যত দ্রুত সম্ভব সংলাপ ও আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছেন তিনি।

বেইজিংয়ে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী শেখ জাররাহ জাবের আল আহমাদ আল সাবাহর সঙ্গে বৈঠকে ওয়াং ই এসব কথা বলেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াং ই বলেন, বারবার সংঘাতের পুরোনো চিত্র আর পুনরাবৃত্তি করা উচিত নয়। পরিস্থিতির উত্তেজনা কমানোই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ।

তিনি বলেন, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে কুয়েতের সঙ্গে সমন্বয় জোরদার করতে এবং নিজেদের ভূমিকা অব্যাহত রাখতে চীন প্রস্তুত।

যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা দেশগুলোর বিরুদ্ধে নজিরবিহীন অর্থনৈতিক চাপ প্রয়োগের হুমকির মধ্যেই চীন এসব মন্তব্য করল।

এদিক যুক্তরাষ্ট্রের হুমকি প্রত্যাখ্যান করে ইরান পাল্টা বলেছে, অর্থনৈতিক যুদ্ধ অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চল থেকে সব ধরনের তেল রপ্তানি বন্ধ করে দেবে তারা।

এর পাশাপাশি, ইরান নতুন করে জাহাজ চলাচলের বিষয়ে সতর্কতা জারি করেছে। দেশটির অনুমতি ছাড়া কোনো জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচল না করার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

সূত্র : টাইমস অব ইসরায়েল


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.