× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজা ইস্যুতে হামাস নেতাদের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ আগস্ট ২০২৬, ০৯:৪০ এএম

ছবি: সংগৃহীত।

গাজায় শান্তি প্রতিষ্ঠায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন পরিকল্পনা এগিয়ে নিতে হামাসের নেতাদের সঙ্গে মিসরে বৈঠক করেছেন ট্রাম্পের জামাতা ও মধ্যপ্রাচ্যবিষয়ক দূত জ্যারেড কুশনার।  যদিও ইসরাইল এরই মধ্যে ওই পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে।

রোববার (১৬ আগস্ট) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে এক ফিলিস্তিনি সূত্র জানায়, বৈঠকে হামাসের নেতারা গাজায় ইসরাইলের যুদ্ধবিরতি লঙ্ঘনের বিষয়গুলো কুশনারের কাছে তুলে ধরেন।  কুশনার জানান, গাজার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে দেওয়ার যেকোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্র প্রত্যাখ্যান করে।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট আরেক কর্মকর্তা জানান, আল-আলামেইন শহরে হামাস ও কুশনারের বৈঠক হয়েছে। বৈঠকের লক্ষ্য ছিল প্রস্তাবিত রোডম্যাপের বিভিন্ন শর্তকে বাস্তব ও যাচাইযোগ্য পদক্ষেপে রূপ দেওয়া।

ওই কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতি বজায় রাখা, গাজার প্রশাসনিক দায়িত্ব ধীরে ধীরে ‘ন্যাশনাল কমিটি ফর দ্য অ্যাডমিনিস্ট্রেশন অব গাজা’র কাছে হস্তান্তর এবং ভবিষ্যতে গাজার প্রশাসনে হামাসের কোনো ভূমিকা না থাকা—এসব বিষয় নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, হামাসকে গাজার শাসনক্ষমতা, সব অস্ত্র ও সামরিক অবকাঠামো ছেড়ে দিতে হবে। গাজা যেন আর কখনো ইসরাইলের  জন্য ‘সন্ত্রাসের উৎস’ না হয়, সেটিও নিশ্চিত করতে হবে।

বৈঠকে হামাসের রাজনৈতিক নেতা খলিল আল-হাইয়া উপস্থিত ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকে মিসরের গোয়েন্দাপ্রধান হাসান রাশাদ, কাতারের কূটনীতিক আলি আল-থাওয়াদি এবং তুরস্কের একজন জ্যেষ্ঠ কর্মকর্তাও ছিলেন। কুশনারের সঙ্গে ‘বোর্ড অব পিস’-এর দূত নিকোলাই ম্লাদেনভ এবং বোর্ডটির সদস্য সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও বৈঠকে অংশ নেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.