× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে, পরদিন সকালেই বিশ্বজুড়ে মার্কিন ঘাঁটিগুলো ঝুঁকির মুখে পড়বে’

আন্তর্জাতিক ডেস্ক।

১৪ আগস্ট ২০২৬, ০৯:৪৪ এএম । আপডেটঃ ১৪ আগস্ট ২০২৬, ১০:৩০ এএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বর্তমান মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত চলমান সংঘাত দীর্ঘায়িত করার সম্ভাবনার কথা জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) জ্যেষ্ঠ জেনারেল মোহাম্মদ রেজা নাকদি। তাঁর দাবি, এর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরানের ওপর হামলার ‘কড়া মাশুল’ সম্পর্কে সতর্ক করা হবে।

যুক্তরাষ্ট্রের সম্প্রচারমাধ্যম পিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে নাকদি বলেন, যুদ্ধ যত দীর্ঘ হবে, ইরানের অভিজ্ঞতাও তত বাড়বে। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে লড়াইয়ের কৌশল সম্পর্কে তারা বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে বলেও দাবি করেন তিনি।

ট্রাম্পের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়াই ইরানের লক্ষ্য কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, ইরান এমন একটি প্রতিরোধব্যবস্থা গড়ে তুলতে চায়, যাতে ভবিষ্যতে কোনো শত্রু দেশ তাদের ওপর হামলার সাহস না পায়। তাঁর মতে, এর একটি উপায় হলো আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত যুদ্ধ দীর্ঘায়িত করে প্রতিপক্ষকে ক্ষয়িষ্ণু করে ফেলা।

তিনি বলেন, ভবিষ্যতে অন্য কোনো দেশ ইরানের ওপর হামলার পরিকল্পনা করলে যাতে তারা বুঝতে পারে, এর জন্য তাদের বড় মূল্য দিতে হবে—সেই বার্তাই দিতে চায় তেহরান।

যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করলে তা ওয়াশিংটনের জন্য ‘বড় ভুল’ হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নাকদি। তিনি দাবি করেন, এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলো বড় ধরনের ঝুঁকির মুখে পড়বে।

তবে ইরান নিজে পারমাণবিক বোমা তৈরির পরিকল্পনা করছে কি না—এমন প্রশ্নের জবাবে নাকদি বলেন, এর কোনো প্রয়োজন নেই। ইরানের শক্তির উৎস হিসেবে তিনি দেশটির জনগণের প্রতিরোধ ও বিশ্বাসকে তুলে ধরেন।

‘ডেথ টু আমেরিকা’ স্লোগান প্রসঙ্গে তিনি বলেন, এই স্লোগান মার্কিন জনগণের বিরুদ্ধে নয়; বরং যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ও প্রশাসনের নীতির বিরুদ্ধে। তাঁর দাবি, সাধারণ মার্কিন নাগরিকদের সঙ্গে ইরানের কোনো শত্রুতা নেই।

ইরান শুধু ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ওপর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেন নাকদি। একইসঙ্গে তিনি দাবি করেন, প্রতিদিন যত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হচ্ছে, তার চেয়ে বেশি সংখ্যায় নতুন ক্ষেপণাস্ত্র তৈরি করছে তেহরান।

তাঁর ভাষ্য, ইরানে অত্যন্ত সুরক্ষিত ও গোপন পদ্ধতিতে ক্ষেপণাস্ত্র তৈরি করা হচ্ছে। যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও শেষ দিন পর্যন্ত ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা বজায় থাকবে বলেও দাবি করেন তিনি।

এদিকে চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনায় কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছে রয়টার্স। এক জ্যেষ্ঠ ইরানি সূত্রের বরাতে সংস্থাটি জানায়, গত জুনে হওয়া অন্তর্বর্তী চুক্তি পুনরুজ্জীবিত করা এবং এর বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ নিয়ে আলোচনা স্থবির হয়ে আছে।

ওয়াশিংটন ও তেহরান পরস্পরের বিরুদ্ধে চুক্তির শর্ত ভঙ্গের অভিযোগ তুলছে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরান গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রতিশ্রুতি পালন করেনি। অন্যদিকে ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্র বন্দর অবরোধ প্রত্যাহার ও অবরুদ্ধ ব্যাংক সম্পদ ছাড়ার মতো প্রতিশ্রুতি থেকে সরে গেছে।

ফলে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত দ্রুত নিরসনের সম্ভাবনা আপাতত অনিশ্চিত হয়ে পড়েছে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.