মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বর্তমান নেতৃত্ব এমন একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে, যিনি প্রয়োজন হলে পদক্ষেপ নিতে দ্বিধা করেন না। শনিবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রুবিও বলেন, আমার মনে হয় না ইরানের শাসকগোষ্ঠী আগে কখনও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতো একজন মার্কিন প্রেসিডেন্টের মুখোমুখি হয়েছে। তিনি এমন একজন নেতা, যিনি বাস্তবে পদক্ষেপ নেন।
তিনি আরও অভিযোগ করেন, গত দুই থেকে তিন দশক ধরে শুধু যুক্তরাষ্ট্র নয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের অনেকেই ইরানকে বিভিন্ন বিষয়ে দায় এড়িয়ে যাওয়ার সুযোগ দিয়েছে। তার ভাষ্য অনুযায়ী, ইরান চুক্তি ভঙ্গ, বিভ্রান্তিকর কৌশল এবং প্রতিশ্রুতি লঙ্ঘনের মতো কর্মকাণ্ড করে এসেছে।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে রুবিও বলেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনা পুনরায় শুরু করার চেষ্টা হতে পারে।
তিনি বলেন, আমরা বুঝতে পারছি উভয় পক্ষেরই কিছু কঠোর অবস্থান (রেড লাইন) রয়েছে। যতক্ষণ না সেই অবস্থানগুলো কিছুটা কাছাকাছি আনা সম্ভব হচ্ছে, ততক্ষণ যুদ্ধের অবসান ঘটানো কঠিন হবে।
চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক নিয়েও মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে অর্থনৈতিক বা সামরিক যেকোনো ধরনের সংঘাত উভয় দেশের পাশাপাশি পুরো বিশ্বের জন্যই বিপর্যয়কর হবে।
রুবিওর ভাষায়, আমাদের এই সম্পর্ক সতর্কতার সঙ্গে পরিচালনা করতে হবে। তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেও সরে আসা যাবে না। এটাই পররাষ্ট্রনীতির সবচেয়ে কঠিন কাজ।