× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইরানের পাল্টা হামলায় কাঁপছে কাতার-কুয়েত-বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক।

১৭ জুলাই ২০২৬, ১০:০৪ এএম

ছবি: সংগৃহীত।

ইরানে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে কাতার, কুয়েত ও বাহরাইনে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। শুক্রবার (১৭ জুলাই) ভোরে কাতারের রাজধানী দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। একই সময়ে কুয়েত ও বাহরাইনের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকেও লক্ষ্য করে হামলা চালানো হয়। পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তিন দেশেই বিমান হামলার সতর্কসংকেত জারি করা হয়।

বার্তা সংস্থা এএফপি ও জিও নিউজের তথ্য অনুযায়ী, দোহা থেকে সাংবাদিকরা জানিয়েছেন, শুক্রবার ভোরে রাজধানীর বিভিন্ন এলাকায় ধারাবাহিক বিস্ফোরণের শব্দ শোনা যায়। হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় কর্তৃপক্ষ জরুরি সতর্কবার্তা জারি করে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে অবস্থানের আহ্বান জানায়।

তবে কিছু সময় পর কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির দিকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সশস্ত্র বাহিনী সফলভাবে প্রতিহত করেছে। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং দেশের ওপর তাৎক্ষণিক কোনো হুমকি নেই। কাতার নিউজ এজেন্সি (কিউএনএ)-এর বরাতে জনগণকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার ভোর থেকে দেশটির আকাশসীমায় ৩২টি ‘শত্রু ড্রোন’ শনাক্ত করে সেগুলো ভূপাতিত করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল সৌদ আবদুলআজিজ আল-আতওয়ান বলেন, ড্রোন প্রতিহত করার সময় সেগুলোর ধ্বংসাবশেষ কয়েকটি আবাসিক এলাকায় পড়ে। এতে কিছু বাড়িঘর ও স্থাপনার ক্ষতি হলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের হামলায় কুয়েতের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

অন্যদিকে বাহরাইনেও হামলার আশঙ্কায় বিমান হামলার সতর্কসংকেত জারি করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার পাশাপাশি নিকটস্থ নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমের দাবি, বাহরাইনের সাখির বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন হেলিকপ্টার ও গোয়েন্দা নজরদারি বিমানকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে ইরানের সেনাবাহিনী।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.