ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে ইরাকে গোপনে দুটি সামরিক ঘাঁটি তৈরি করেছিল ইসরাইল। দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, এসব ঘাঁটি রক্ষার সময় এক ইরাকি সেনা সদস্য ও এক বেসামরিক ব্যক্তি নিহত হন।
এর আগে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধের সময় ব্যবহারের জন্য ইরাকের পশ্চিম মরুভূমিতে একটি ঘাঁটি তৈরি করেছিল ইসরাইল। পরে স্যাটেলাইট চিত্রে কারবালার দক্ষিণ-পশ্চিমে শুকনো হ্রদের মধ্যে একটি অস্থায়ী বিমানঘাঁটির মতো স্থাপনার সন্ধান পাওয়া যায়।
তবে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সেখানে আরও একটি গোপন ঘাঁটি ছিল। যা ২০২৫ সালের জুনে ইরানের সঙ্গে সংঘর্ষ এবং চলতি বছরের যুদ্ধেও ব্যবহৃত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের শেষ দিকে ঘাঁটিগুলোর নির্মাণ শুরু করে ইসরাইল। যুক্তরাষ্ট্র এ বিষয়ে অবগত ছিল বলেও দাবি করা হয়েছে। তবে বিষয়টি এখনও স্বীকার করেনি ইসরাইল বা যুক্তরাষ্ট্রের কেউ।
প্রতিবেদনে বলা হয়, ইরানে হামলার সময় কমানো, চিকিৎসা সহায়তা এবং ইসরাইলি বিমানবাহিনীর জন্য লজিস্টিক সহায়তা নিশ্চিত করতে এসব ঘাঁটি ব্যবহার করা হতো। সেখানে বিশেষ বাহিনী ও উদ্ধারকারী দলও মোতায়েন ছিল।
ইরাকের পশ্চিমাঞ্চলের স্থানীয় বেদুইনরা কয়েক সপ্তাহ ধরে সন্দেহজনক তৎপরতার বিষয়ে কর্তৃপক্ষকে সতর্ক করছিলেন। তবে ইরাকি বাহিনী দূর থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করে এবং যুক্তরাষ্ট্রের কাছে তথ্য চাইলেও পর্যাপ্ত সহযোগিতা পায়নি বলে দাবি করা হয়।
নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, ৩ মার্চ আওয়াদ আল-শাম্মারি নামে এক বেদুইন রাখাল ঘাঁটির কাছে চলে গেলে একটি ইসরাইলি হেলিকপ্টারের হামলায় নিহত হন। পরে ইরাকি বাহিনীর একটি নজরদারি অভিযানে গুলিতে এক সেনা সদস্য নিহত ও আরও দুইজন আহত হন।
ইরাকি আইনপ্রণেতা ওয়াদ আল-কুদু বলেন, এটি ইরাকের সার্বভৌমত্ব ও জনগণের মর্যাদার প্রতি স্পষ্ট অবজ্ঞা।’ তবে ইসরাইলি ডিফেন্স ফোর্স এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।