× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বিজয়কে শুভেচ্ছা, কংগ্রেসকে কড়া আক্রমণ মোদির

আন্তর্জাতিক ডেস্ক।

১০ মে ২০২৬, ১৬:৫৪ পিএম

ছবি: সংগৃহীত।

তামিলনাড়ুর নতুন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একই সঙ্গে তিনি আশ্বাস দিয়েছেন, কেন্দ্র সরকার ভবিষ্যতেও তামিলনাড়ুর মানুষের জীবনমান উন্নয়নে রাজ্যের পাশে থেকে কাজ করবে। রোববার (১০ মে) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

তবে থালাপতি বিজয়কে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন মোদি। দীর্ঘদিনের মিত্র ডিএমকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করায় কংগ্রেসকে তিনি ‘পেছন থেকে ছুরি মারা’ এবং ‘পরজীবী’ রাজনৈতিক দল বলে কটাক্ষ করেন।

মোদি বলেন, ‘এখন তামিলনাড়ুর পরিস্থিতি দেখুন। গত ২৫-৩০ বছর ধরে কংগ্রেসের সঙ্গে ডিএমকের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বারবার ডিএমকের সঙ্গে জোট কংগ্রেসকে সংকট থেকে উদ্ধার করেছে।’

তিনি আরও বলেন, ২০১৪ সালের আগে কংগ্রেস যে এক দশক কেন্দ্রের সরকার পরিচালনা করেছে, তা অনেকাংশে ডিএমকের সমর্থনের কারণেই সম্ভব হয়েছিল। কিন্তু রাজনৈতিক বাস্তবতা বদলাতেই কংগ্রেস সেই ডিএমকের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছে, যারা দীর্ঘদিন তাদের শক্তি জুগিয়েছে।

ভারতের প্রধানমন্ত্রীর ভাষায়, ‘ক্ষমতার লোভে অন্ধ কংগ্রেস প্রথম সুযোগেই ডিএমকের পেছনে ছুরি মেরেছে। এখন রাজনৈতিকভাবে টিকে থাকতে তারা আবার অন্য একটি দলের কাঁধে ভর করেছে।’

এদিকে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের নতুন ৯ সদস্যের মন্ত্রিসভায় তরুণ ও অভিজ্ঞ নেতাদের সমন্বয় ঘটানো হয়েছে। সেখানে টিভিকের গুরুত্বপূর্ণ নেতারা জায়গা পেয়েছেন।

তবে লক্ষণীয় বিষয় হলো— সংখ্যাগরিষ্ঠতা অর্জনে প্রথম সমর্থন দেওয়া রাহুল গান্ধীর কংগ্রেস থেকে কাউকেই মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়নি।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.