তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেও সরকার গঠন নিয়ে গভীর সংকটে পড়েছেন অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকায় তাঁর দল ‘তামিলগা ভেট্টি কাজাগাম’ (টিভিকে) নিয়ে রাজ্যে রাজনৈতিক অচলাবস্থা তৈরি হয়েছে। এই উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যটিতে পুনর্নির্বাচনের দাবি তুলেছেন প্রযুক্তি প্রতিষ্ঠান জোহো’র সহ-প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু।
এনডিটিভির বরাতে জানা যায়, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে শ্রীধর ভেম্বু বর্তমান অবস্থাকে ‘অস্থিতিশীল’ বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, “তামিলনাড়ুতে কোনো দলের হাতেই সরকার গঠনের পর্যাপ্ত আসন নেই। জোড়াতালি দিয়ে কোনো সরকার গঠিত হলেও তা দীর্ঘস্থায়ী হবে না।” জনস্বার্থ বিবেচনা করে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি এবং নতুন করে নির্বাচনের আয়োজনই এখন সঠিক সমাধান বলে মনে করেন তিনি।
বিজেপিকে উদ্দেশ্য করে ভেম্বু আরও বলেন, নির্বাচনী ফলাফল যাই হোক না কেন, বিজেপির উচিত এককভাবে লড়াই করা এবং ভোটারদের নতুন করে রায় দেওয়ার সুযোগ দেওয়া।
গত ২৩ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ২৩৪ আসনের বিধানসভায় বিজয়ের দল ১০৮টি আসনে জয়লাভ করে তাক লাগিয়ে দেয়। তবে ক্ষমতার ‘ম্যাজিক ফিগার’ ১১৮ স্পর্শ করতে এখনো ১০টি আসন বাকি তাদের। এই সমীকরণ মেলাতে বিজয় ইতোমধ্যে কংগ্রেস (৫ আসন), ভিসিকে (২ আসন) এবং বাম দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছেন। যদিও কংগ্রেস সমর্থনের ইঙ্গিত দিয়েছে, তবে অন্যান্য দলগুলোর অবস্থান এখনো স্পষ্ট নয়। এর বাইরে বিজেপি জোটের শরিক পিএমকে এবং এআইএডিএমকে প্রধান ইদাপাদি পালানিস্বামীর সঙ্গেও যোগাযোগ করেছে টিভিকে-র প্রতিনিধি দল।
এর আগে বুধবার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকারের সঙ্গে দেখা করে সরকার গঠনের জোরালো দাবি জানান বিজয়। তবে সংশ্লিষ্ট সূত্র বলছে, বিজয়ের দাখিল করা সমর্থনপত্রের সপক্ষে পর্যাপ্ত নথিতে রাজ্যপাল পুরোপুরি সন্তুষ্ট নন। ফলে সরকার গঠনের আমন্ত্রণ কিংবা শপথ গ্রহণের বিষয়ে রাজভবন থেকে এখনো কোনো সবুজ সংকেত মেলেনি। সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য থালাপতি বিজয়কে আরও কয়েক দিন সময় দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।