সাম্প্রতিক দিনগুলোতে পারস্য উপসাগরের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে একের পর এক জাহাজে হামলার খবর শোনা যাচ্ছে। স্থানীয় সময় বুধবার ভোরেও তিনটি কনটেইনার জাহাজে হামলার ঘটান ঘটেছে।
যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) হামলার খবর নিশ্চিত করেছে বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
সংস্থাটি জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে লাইবেরিয়ার পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজে গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে হামলা চালানো হয়।
এতে জাহাজটির ওপরের অংশ বা ‘ব্রিজ’ ক্ষতিগ্রস্ত হয়েছে।
এক জাহাজের ক্যাপ্টেন জানান, কোনো ধরনের আগাম রেডিও সতর্কতা ছাড়াই জাহাজটির খুব কাছাকাছি এসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) একটি গানবোট অতর্কিতে গুলিবর্ষণ শুরু করে। ওই বোটে তিনজন ছিলেন।
গ্রিসচালিত এই জাহাজের ক্যাপ্টেন অভিযোগ করেন, হামলার আগে রেডিওর মাধ্যমে কোনো যোগাযোগ করা হয়নি, যদিও শুরুতে তাদের প্রণালি অতিক্রমের অনুমতি দেওয়া হয়েছিল।
পরে ইউকেএমটিও জানায়, ইরান থেকে প্রায় আট নটিক্যাল মাইল পশ্চিমে দ্বিতীয় আরেকটি কন্টেইনার জাহাজে গুলি চালানো হয়েছে। পানামার পতাকাবাহী এ জাহাজে অবশ্য কোনো ক্ষতি হয়নি এবং এর নাবিকেরা নিরাপদ আছেন।
সামুদ্রিক নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তৃতীয় আরেকটি কন্টেইনার জাহাজও গুলিবর্ষণের শিকার হয়েছে। লাইবেরিয়ার পতাকাবাহী এ জাহাজটির কোনো ক্ষতি না হলেও সেটি মাঝসমুদ্রে থেমে গেছে।
এর নাবিকেরাও নিরাপদ রয়েছেন।
ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, হামলায় জাহাজগুলোর কমান্ড ব্রিজ বা নিয়ন্ত্রণ কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জাহাজে থাকা নাবিক ও ক্রু সদস্যরা অক্ষত ও নিরাপদ রয়েছেন। তবে আক্রান্ত জাহাজটির নাম ও পরিচয়ের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করেনি কর্তৃপক্ষ।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার আগে বিশ্বের মোট তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ জলপথ দিয়ে পরিবাহিত হতো। এখন প্রণালিটি কার্যত বন্ধ থাকায় বিশ্ব তেল বাণিজ্যের ওপর ব্যাপক প্রভাব পড়েছে।
এর আগে গত শনিবারও ভারত সরকার অভিযোগ করেছিল যে, তাদের দুটি পতাকাবাহী জাহাজ হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় হামলার শিকার হয়েছে। মূলত মার্কিন ব্লকেড বা অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়ে আইআরজিসি এর আগে হুমকি দিয়েছিল যে, দাবি মানা না হলে তারা হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল বন্ধ করে দেবে।