× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

চীনে নতুন জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ডাক প্রেসিডেন্টের

আন্তর্জাতিক ডেস্ক।

০৭ এপ্রিল ২০২৬, ১২:২৬ পিএম

মার্কিন-ইসরায়েল এবং ইরান যুদ্ধের ভয়াবহ প্রভাবে টালমাটাল বিশ্ব অর্থনীতি। জ্বালানি তেলের আকাশছোঁয়া দাম এবং বিশ্বজুড়ে জ্বালানি সংকটের আশঙ্কার মাঝেই চিনের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে এক নতুন এবং শক্তিশালী জ্বালানি ব্যবস্থা গড়ে তোলার ডাক দিয়েছেন চীনা প্রেসিডেন্ট সি জিনপিং।

মঙ্গলবার (৭ এপ্রিল) চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিসিটিভি-তে প্রকাশিত এক বিবৃতিতে জিনপিং জানান, বর্তমান বিশ্ব পরিস্থিতির নিরিখে চীনের জ্বালানি নিরাপত্তা বজায় রাখা এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই চীনের পরিকল্পনা ও নির্মাণকাজে দ্রুত গতি আনা প্রয়োজন।

প্রেসিডেন্ট সি জিনপিং চীনের জলবিদ্যুৎ প্রকল্পের ওপর বিশেষ জোর দেওয়ার কথা বলেছেন। পাশাপাশি তিনি ‘নিরাপদ এবং সুশৃঙ্খলভাবে’ পরমাণু শক্তির প্রসারেরও আহ্বান জানিয়েছেন। তাঁর মতে, চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি বিশ্বের বর্তমান জ্বালানি পরিস্থিতির পরিবর্তনকে গভীরভাবে পর্যবেক্ষণ করছে এবং সেই অনুযায়ী একটি নতুন ‘এনার্জি সিকিউরিটি স্ট্র্যাটেজি’ বা জ্বালানি সুরক্ষা কৌশল গ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছে।

যদিও সি জিনপিং তাঁর বক্তব্যে ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সামরিক সংঘাতের কথা সরাসরি উল্লেখ করেননি, তবে কূটনৈতিক মহলের মতে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের ফলে অপরিশোধিত তেলের মূল্যে যে বড় ধরনের ধাক্কা লেগেছে, তা চীনের মতো বৃহৎ অর্থনীতির দেশের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চীনের শিল্প উৎপাদন সচল রাখতে এবং সাধারণ মানুষের নাভিশ্বাস রোধ করতেই চিনপিং সরকার বিকল্প শক্তির সন্ধানে মরিয়া হয়ে উঠেছে।

বিশ্ব রাজনীতি ও অর্থনীতির এই অস্থির সময়ে চীনের এই নতুন পদক্ষেপ বিশ্বজুড়ে জ্বালানি বাজারের সমীকরণ বদলে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.