× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার ট্রাম্পের ওপর ক্ষেপেছেন ম্যাক্রোঁ, দিলেন কড়া বার্তা

আন্তর্জাতিক ডেস্ক।

০২ এপ্রিল ২০২৬, ১৯:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান প্রত্যাখ্যান করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। বলেছেন, হরমুজ প্রণালি উন্মুক্ত করতে অন্য দেশগুলোকে সামরিক শক্তি প্রয়োগের যে প্রস্তাব দিয়েছেন ট্রাম্প, তা ‘অবাস্তব’ এবং বাস্তবসম্মত নয়।

হরমুজ প্রণালিকে ‘শত্রুভাবাপন্ন দেশগুলোর’ জন্য বন্ধ ঘোষণা করেছে ইরান। এমন পরিস্থিতিতে প্রণালিটিকে ‘মুক্ত’ করতে মিত্র দেশগুলোকে যুদ্ধজাহাজ পাঠাতে বলেছিলেন ট্রাম্প। কিন্তু কোনও মার্কিন মিত্রই তার আহ্বানে সাড়া দেয়নি। শেষ পর্যন্ত মিত্রদের ওপর ক্ষোভ ঝেরে ট্রাম্প বলেছেন, ‘নিজেদের তেল নিজেরাই জোগাড় করো।’

মার্কিন প্রেসিডেন্টের এই মন্তব্যের পর কড়া প্রতিক্রিয়া জানিয়ে ম্যাক্রোঁ বলেছেন, ‘সামরিক অভিযানের মাধ্যমে জোরপূর্বক হরমুজ প্রণালি মুক্ত করার ধারণা সম্পূর্ণরূপে অবাস্তব।’ বৃহস্পতিবার (২ এপ্রিল) দক্ষিণ কোরিয়ায় সরকারি সফরকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন, প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল নিরাপদ করতে হলে যুদ্ধবিরতি এবং ইরানের সঙ্গে পুনরায় আলোচনা শুরু করা জরুরি। এ ধরনের জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে একটি সামরিক বাহিনী সহায়ক ভূমিকা রাখতে পারে বলেও উল্লেখ করেন তিনি।

ম্যাক্রোঁ জোর দিয়ে বলেন, ইরানের বিরুদ্ধে সংঘাতে অংশ নেবে না ফ্রান্স, কারণ এটি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরিচালিত অভিযান।

তিনি বলেন, ‘ইরানে এখনও এমন মানুষ রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে, যাদের প্রয়োজনীয় দক্ষতা আছে। এ ছাড়া এখনও গোপন স্থাপনাগুলোও বিদ্যমান। সুতরাং, কয়েক সপ্তাহের জন্য সীমিত সামরিক অভিযান চালালেও দীর্ঘমেয়াদে পারমাণবিক ইস্যুর সমাধান সম্ভব নয়।’

এ ছাড়াও ট্রাম্পের বিরুদ্ধে পরস্পরবিরোধী অবস্থান নেয়ার অভিযোগ করেছেন ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘আমরা যখন কোনও বিষয় নিয়ে সিরিয়াস হতে চাই, তখন প্রতিদিন আগের দিনের কথার বিপরীত কথা বলা চলে না।’

সূত্র: সিএনএন

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.