সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছে সৌদি আরব। দেশটি এ হামলাকে ‘আগ্রাসন’ বলে উল্লেখ করেছে। খবর দ্য গার্ডিয়ানের।
সৌদি আরব বিশ্বসম্প্রদায়কে এ বিষয়ে হস্তক্ষেপের আহ্বান জানানো তুরস্কের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
ইসরায়েলি বাহিনী জানিয়েছে, সিরিয়ার দক্ষিণাঞ্চলে তারা হামলা চালিয়েছে। তাদের দাবি, সুয়েদা প্রদেশে দ্রুজ সম্প্রদায়ের ওপর হামলার প্রতিক্রিয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তারা ওই সম্প্রদায়কে সুরক্ষা দিচ্ছে।
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও সিরিয়ার সার্বভৌমত্বের লঙ্ঘন। তারা ইসরায়েলের এমন কর্মকাণ্ড বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পদক্ষেপ চেয়েছে।
অন্যদিকে তুরস্ক এ হামলাকে ‘বিপজ্জনক উসকানি’ বলে আখ্যা দিয়ে দ্রুত এটি বন্ধ করার আহ্বান জানিয়েছে।
সিরিয়ার সরকারও এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এটি দেশের সার্বভৌমত্বের ওপর আঘাত এবং ইসরায়েলের দেওয়া কারণ ‘ভিত্তিহীন’।
উল্লেখ্য, এর আগেও সিরিয়ায় সংঘাতের সময় ইসরায়েল হামলা চালিয়েছে। তবে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেও সিরিয়া সরাসরি যুদ্ধে জড়ানো থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করছে।