× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আঞ্চলিক যুদ্ধের সতর্কতার মাঝেই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরান

আন্তর্জাতিক ডেস্ক।

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৪ পিএম

ছবি: সংগৃহীত।

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আলোচনা শুরু করার জন্য দেশের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরান কোনও চুক্তিতে না পৌঁছালে ‘‘খারাপ কিছু’’ ঘটবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দেওয়ার পর মঙ্গলবার ওই ঘোষণা দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, ‘‘যদি উপযুক্ত পরিবেশ থাকে, অর্থাৎ হুমকি ও অযৌক্তিক প্রত্যাশামুক্ত পরিস্থিতি নিশ্চিত হয়, তাহলেই কেবল ন্যায্য ও সমতাভিত্তিক আলোচনা এগিয়ে নেওয়ার জন্য আমি পররাষ্ট্রমন্ত্রীকে নির্দেশ দিয়েছি।’’

তিনি বলেন, আমাদের জাতীয় স্বার্থের কাঠামোর মধ্যেই এই আলোচনা হবে। গত মাসে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ভয়াবহ আকার ধারণ করে। পরে দেশটির নিরাপত্তা বাহিনী অভিযান চালিয়ে বিক্ষোভ দমন করে। বিক্ষোভ দমনে প্রাণঘাতী পদক্ষেপ নেওয়ায় তেহরানের বিরুদ্ধে সামরিক অভিযানের হুমকি দিয়ে মধ্যপ্রাচ্যে একটি বিমানবাহী রণতরীর বহর পাঠিয়ে দিয়েছে ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে ‘‘কিছু একটা সমাধানে’’ পৌঁছানোর বিষয়ে এখনো আশাবাদী ওয়াশিংটন। সোমবার সতর্ক করে দিয়ে তিনি বলেন, কোনও চুক্তি না হলে ‘‘খারাপ কিছু ঘটবে’’।

ইরান জোর দিয়ে বলেছে, তারা কূটনীতিতে আগ্রহী। তবে যেকোনও আগ্রাসনের জবাবে লাগামহীন প্রতিক্রিয়ারও অঙ্গীকার করেছে তেহরান। তেহরান বারবার বলেছে, আলোচনা কেবল পারমাণবিক ইস্যুতেই সীমাবদ্ধ থাকা উচিত। ক্ষেপণাস্ত্র কর্মসূচি কিংবা প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা প্রত্যাখ্যান করেছে ইরান।

সোমবার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি পারমাণবিক চুক্তিতে পৌঁছানো সম্ভব। তিনি বলেন, তাই আমি মনে করি, যদি যুক্তরাষ্ট্রের আলোচক দল প্রেসিডেন্ট ট্রাম্প যা বলেছেন—অর্থাৎ পারমাণবিক অস্ত্র না থাকার নিশ্চয়তা দিয়ে একটি ন্যায্য ও সমতাভিত্তিক চুক্তিতে পৌঁছানোর পথে আসে, তাহলে আবারও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও বলেন, সেক্ষেত্রে আমি আত্মবিশ্বাসী, আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তাহলে তা আঞ্চলিক যুদ্ধে রূপ নিতে পারে।

সূত্র: এএফপি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.