× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এবার বিজেপির প্রার্থী কোয়েল মল্লিক

বিনোদন ডেস্ক।

০৪ অক্টোবর ২০২৬, ১৮:৫১ পিএম

ছবি: সংগৃহীত।

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিককে পশ্চিমবঙ্গের রাজ্যসভা উপনির্বাচনে প্রার্থী করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। রবিবার কেন্দ্রীয় নেতৃত্বের ঘোষিত প্রার্থী তালিকায় তার নাম প্রকাশ করা হয়।

এর মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগের পর তাকে ঘিরে চলা বিজেপিতে যোগদানের জল্পনারও অবসান হলো। এর আগে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হয়েছিলেন কোয়েল। চলতি বছরের এপ্রিলেই তিনি শপথ নেন। তবে কয়েক মাসের মধ্যেই ১৬ জুলাই রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেন তিনি।

তার ছেড়ে দেওয়া আসনেই আগামী ১৬ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হবে। পদত্যাগের পর থেকেই কোয়েলের পরবর্তী রাজনৈতিক অবস্থান নিয়ে জল্পনা শুরু হয়। এবার সেই জল্পনায় সিলমোহর দিয়ে তাকেই বিজেপির প্রার্থী ঘোষণা করা হলো। তবে বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদানের বিষয়ে অভিনেত্রীর পক্ষ থেকে এখনো কোনো প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কোয়েলের আগে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ছিলেন সুখেন্দুশেখর রায়, সুস্মিতা দেব ও প্রকাশ চিক বরাইক। তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর বিজেপির প্রার্থী হিসেবে ফের রাজ্যসভায় নির্বাচিত হন। কোয়েলকে প্রার্থী করার মধ্য দিয়ে সেই ধারাবাহিকতায় আরও একটি নাম যুক্ত হলো।

নির্বাচন কমিশনের সূচি অনুযায়ী, রাজ্যসভা উপনির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ৬ অক্টোবর। মনোনয়ন প্রত্যাহার করা যাবে ৯ অক্টোবর পর্যন্ত।

১৬ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হবে এবং সেদিনই ভোটগণনা সম্পন্ন হবে। অভিনেত্রী থেকে রাজনীতিতে আসার পর মাত্র কয়েক মাসের ব্যবধানে তৃণমূলের রাজ্যসভার সাংসদ থেকে বিজেপির প্রার্থী হওয়ায় কোয়েল মল্লিককে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে। এবার তার ছেড়ে যাওয়া সেই আসনেই বিজেপির প্রার্থী হিসেবে লড়বেন তিনি।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.