ছবি: সংগৃহীত।
ভেনিস চলচ্চিত্র উৎসবে ইতিহাস গড়ার পর এবার পুরস্কারও জিতল বাংলাদেশের সিনেমা। প্রথমবারের মতো উৎসবের অফিসিয়াল শাখায় জায়গা করে নেওয়া রুবাইয়াত হোসনের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ অর্জন করেছে ইনডিপেনডেন্ট ফিল্ম ক্রিটিকস অ্যাওয়ার্ডস- প্রেমিও বিসাতো দ’ওরো।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে পরিচালক রুবাইয়াত হোসনের হাতে পুরস্কারটি তুলে দেন ইনডিপেনডেন্ট ক্রিটিকস বিভাগের প্রধান। ভেনিসের মতো মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক উৎসবে বাংলাদেশের সিনেমার এমন স্বীকৃতিতে উচ্ছ্বসিত পরিচালক।
রুবাইয়াত বলেন, ‘এ অর্জন আমার জন্য অনেক সম্মানের। ভেনিসের মতো উৎসবে সব সিনেমার মধ্যে থেকে এ পুরস্কার দেওয়া।
এজন্য জুরিদের কাছে কৃতজ্ঞতা জানাই। তাঁরা আমার সিনেমাটিকে পছন্দ করেছেন। আমি মনে করি, এই পুরস্কার দেশের সিনেমা অঙ্গনের জন্য সম্মানের, বাংলাদেশের সিনেমাকে এগিয়ে নেওয়ার জন্য এই স্বীকৃতি তাৎপর্যপূর্ণ।’ এবারই প্রথম বাংলাদেশের কোনো পূর্ণদৈর্ঘ্য সিনেমা ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অফিসিয়াল শাখা অরিজন্তি বিভাগে মনোনয়ন পেয়েছে।
৬ সেপ্টেম্বর উৎসবে সিনেমাটির প্রিমিয়ার হয়। এরপর আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। নিজের সিনেমা নির্মাণের ভাবনা নিয়ে রুবাইয়াত বলেন, ‘খুবই অন্তরঙ্গ একটি জায়গা থেকে আমি সিনেমাটি নির্মাণ করেছি। নারীরা কীভাবে নিজেদের শরীরকে ধারণ করতে, নিয়ন্ত্রণ করতে এবং কখনো কখনো নিজেদের শরীরকেই ভয় করতে শেখে, সেই ভাবনা থেকেই এই সিনেমা। এটার সঙ্গে আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা জড়িত।
বিশ্বের সবচেয়ে পুরোনো চলচ্চিত্র উৎসবগুলোর অন্যতম ভেনিস চলচ্চিত্র উৎসবের ৮৩তম আসর ২ সেপ্টেম্বর ভেনিস লিডোতে শুরু হয়েছে। আজ ১২ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানে ঘোষণা করা হবে অফিসিয়াল শাখার পুরস্কার। ফলে অরিজন্তি বিভাগে থাকা বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর জন্য আরও একটি বড় স্বীকৃতির অপেক্ষা থাকছে।
সিনেমাটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনিন করিম চৌধুরী। অতিথি চরিত্রে রয়েছেন আজমেরী হক বাঁধন ও সুনেরাহ্ বিনতে কামাল। আরও অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম, মোহাম্মদ বারী, রিকিতা নন্দিনী শিমুসহ অনেকে।
ভেনিসের পর এবার টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। গত বৃহস্পতিবার শুরু হওয়া উৎসবটি চলবে ২০ সেপ্টেম্বর পর্যন্ত। ভেনিস উৎসব শেষ করেই টরন্টোর উদ্দেশে রওনা দেবেন রুবাইয়াত হোসন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
