× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

'টক্সিক'-এর প্রচারণায় আহত দুই শিক্ষার্থী

বিনোদন ডেস্ক।

২৪ আগস্ট ২০২৬, ১৩:৪৩ পিএম

ছবি: সংগৃহীত।

দক্ষিণী তারকা ইয়াশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’-এর প্রচারণা অনুষ্ঠানে দুর্ঘটনায় আহত হয়েছেন দুই শিক্ষার্থী। ভারতের হায়দরাবাদের মল্লা রেড্ডি ইউনিভার্সিটিতে সিনেমাটির প্রি-রিলিজ আয়োজন ঘিরে এ ঘটনা ঘটে।

সিনেমাটি আগামী ২৬ আগস্ট মুক্তি পাওয়ার কথা রয়েছে। মুক্তিকে সামনে রেখে বিশ্ববিদ্যালয়টিতে বড় পরিসরে প্রচারণার আয়োজন করা হয়। ইয়াশকে একনজর দেখতে সেখানে জড়ো হন হাজারো শিক্ষার্থী ও ভক্ত। অতিরিক্ত ভিড়ের কারণে অনুষ্ঠানস্থলে আগে থেকেই সতর্কতা জারি করেছিল পুলিশ। বিশেষ করে সাউন্ড বক্স ও লাইটিং সরঞ্জাম থেকে দূরে থাকতে শিক্ষার্থীদের নির্দেশ দেওয়া হয়েছিল।

তবে ভিড় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। অনুষ্ঠান চলার সময় মঞ্চের কাছাকাছি থাকা শিক্ষার্থীদের ওপর একটি ফ্লাডলাইটের অংশ ভেঙে পড়ে। এতে দুজন আহত হন। তাদের মধ্যে এক ছাত্রী মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান বলে জানা গেছে। পরে আহতদের দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়।

ঘটনার সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ইয়াশ। দুর্ঘটনা চোখে পড়ার সঙ্গে সঙ্গে তিনি বক্তব্য থামিয়ে দেন। আহতদের পরিস্থিতি সম্পর্কে আয়োজকদের কাছে খোঁজ নেন তিনি। পাশাপাশি উপস্থিত ভক্তদের শান্ত থাকার এবং সতর্ক হয়ে বসার অনুরোধ জানান।

আয়োজকদের বরাতে জানা গেছে, ইয়াশকে কাছ থেকে দেখার চেষ্টা করতে কয়েকজন শিক্ষার্থী সাউন্ড বক্স ও অন্যান্য সরঞ্জামের ওপর উঠে পড়েছিলেন। অতিরিক্ত চাপের কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

গীতু মোহন্দাস পরিচালিত ‘টক্সিক’ একটি পিরিয়ড গ্যাংস্টার ঘরানার সিনেমা। ইয়াশের সঙ্গে এতে অভিনয় করেছেন নয়নতারা, কিয়ারা আডবাণী, হুমা কুরেশি ও তারা সুতারিয়া। মুক্তির আগে প্রচারণা ঘিরে সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহও বেশ তুঙ্গে।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.