× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

এসএসসিতে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য সুখবর

ডেক্স রিপোর্ট

২৪ নভেম্বর ২০২৬, ১৭:১৪ পিএম

ছবি: সংগৃহীত।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় বোর্ডপ্রতি সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারী প্রথম ১০০ জন শিক্ষার্থীকে ল্যাপটপ দেবে সরকার।

প্রস্তাবনা অনুযায়ী, দেশের ১১টি শিক্ষা বোর্ডে সব বিষয়ে যারা জিপিএ-৫ পেয়েছে, তাদের মধ্য থেকে মেধাক্রমের ভিত্তিতে প্রণোদনা হিসেবে এ ল্যাপটপ দেওয়া হবে। অর্থাৎ বোর্ডপ্রতি ১০০ জন করে মোট ১ হাজার ১০০ শিক্ষার্থী নির্বাচিত করা হবে।

১০০তম অবস্থানে সমান নম্বরধারীদের জন্য অতিরিক্ত আরও ৪০০টি ল্যাপটপ রিজার্ভ রাখা হয়েছে। এ হিসেবে মোট দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। ভবিষ্যতে এইচএসসিতেও এ ধরনের প্রণোদনা চালুর চিন্তা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ কর্মসূচি হাতে নিয়েছে। বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার অনুযায়ী, শিক্ষা ব্যবস্থাকে আধুনিক, কর্মমুখী, উৎপাদনমুখী করার লক্ষ্যে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রণোদনা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শিক্ষা মন্ত্রণালয়ের সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রামের (এসইডিপি) অধীন ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ শীর্ষক স্কিমের আওতায় এ কর্মসূচি বাস্তবায়িত হবে। সরকারের ক্রয়পদ্ধতি (পিপিআর-২০২৫) অনুসরণ করে ল্যাপটপ ক্রয় করা হবে। আগামী ২০২৭ সালের ফেব্রুয়ারি-মার্চের মধ্যেই শিক্ষার্থীদের হাতে এসব ল্যাপটপ তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ছিল ৬২ দশমিক ২৫ শতাংশ। এতে সর্বোচ্চ সাফল্য হিসেবে বিবেচিত জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন শিক্ষার্থী।

শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই সংখ্যক শিক্ষার্থীদের মধ্যে থেকে যারা সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে, এমন ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু সরকার ধাপে ধাপে এ কর্মসূচি বাস্তবায়ন করবে। এরই অংশ হিসেবে প্রথম ধাপে দেড় হাজার শিক্ষার্থীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হবে। এতে সরকারের আনুমানিক ১৬ থেকে ১৭ কোটি টাকা ব্যয় হবে। শিক্ষা মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।

এ বিষয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ববলেন, ‘আমরা প্রাথমিক পর্যায়ে ১১টি বোর্ড থেকে মেধাক্রমের ভিত্তিতে শীর্ষ দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পরবর্তীতে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর পরিসর আরও বাড়ানো হবে।’

তিনি বলেন, মেধাতালিকায় একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত নম্বর সমান হলে তাদের বিষয়টি বিবেচনায় নিয়ে অতিরিক্ত ৪০০টি ল্যাপটপ সংরক্ষিত রাখা হয়েছে। ভবিষ্যতে এইচএসসি পর্যায়ের মেধাবীদের জন্যও এ ধরনের উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান মন্ত্রী।

এ বিষয়ে ‘স্ট্রেংদেনিং রিডিং হ্যাবিট অ্যামাং সেকেন্ডারি স্টুডেন্টস’ স্কিমের পরিচালক প্রফেসর মো. ফিরোজ আলম বাসসকে বলেন, ‘শিক্ষার্থীদের ভালো ফলাফলে উৎসাহিত করার পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও আধুনিক তথ্যপ্রযুক্তির সঙ্গে তাদের সম্পৃক্ত করতে এই পুরস্কার দেওয়া হচ্ছে। শিক্ষা বোর্ডগুলো নিজস্ব তথ্যভাণ্ডার যাচাই করে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এবং শতভাগ মেধার ভিত্তিতে এ তালিকা চূড়ান্ত করে পাঠাবে।’

তিনি আরও জানান, প্রতিটি ল্যাপটপ যেন আধুনিক মানের হয় এবং মানসম্মত কনফিগারেশন থাকে, সেদিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ল্যাপটপের সংখ্যা তুলনামূলক কম হওয়ায় বিতরণের ক্ষেত্রে একটি আনুষ্ঠানিক আয়োজনের পাশাপাশি ১১টি বোর্ডকে যুক্ত করে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে।

যেভাবে নির্বাচিত হবেন শিক্ষার্থীরা

ঢাকা শিক্ষা বোর্ডের কাঠামো অনুযায়ী, কেবল জিপিএ-৫ নয়, বরং পরীক্ষার্থীদের মোট প্রাপ্ত নম্বরের ভিত্তিতে এই মেধাক্রম নির্ধারণ করা হবে। প্রতিটি বোর্ডের প্রথম ১০০ জন শিক্ষার্থীর মধ্যে পরীক্ষার্থীর সংখ্যা ও অনুপাত বিবেচনায় বিজ্ঞান বিভাগ থেকে ৫০ শতাংশ, মানবিক বিভাগ থেকে ৩০ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২০ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানান, ঢাকা বোর্ডের কাঠামো অনুযায়ী সাধারণ অন্য ৮টি বোর্ডেও একই পদ্ধতি অনুসরণ করা হয়েছে। তবে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডে কিছুটা ভিন্ন পদ্ধতি অনুসরণ করা হয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বাসসকে জানান, মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিটি বোর্ড থেকে ১০০ জন করে সর্বোচ্চ নম্বরধারী শিক্ষার্থী বাছাই করা হয়েছে। সবগুলো বোর্ডের চূড়ান্ত তালিকা ইতোমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

কারিগরি শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ বলেন, ‘এসএসসি ভোকেশনাল ও দাখিল ভোকেশনাল পর্যায়ে জিপিএ-৫ প্রাপ্তদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বরধারীদের তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কারিগরিতে এসএসসি ভোকেশনালের তুলনায় দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা খুবই কম। সে অনুযায়ী আনুপাতিক হারে শিক্ষার্থী নির্বাচন করা হয়েছে।’

মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহমেদ বাসসকে বলেন, ‘দাখিল পরীক্ষায় সব বিষয়ে জিপিএ-৫ প্রাপ্ত সর্বোচ্চ নম্বরধারীদের নিয়ে তালিকা প্রস্তুত করে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে পাঠানো হয়েছে। আমাদের শিক্ষার্থীদের গ্রুপভিত্তিক বিন্যাসে বিজ্ঞান ও মানবিক ও মুজাব্বিদ শাখার অনুপাত বিবেচনায় তালিকা চূড়ান্ত করা হয়েছে।’

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বাসসকে বলেন, ‘এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত দেড় হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দেওয়ার বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মতি পাওয়া গিয়েছে।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী ও উৎসাহিত করতে বর্তমান সরকার এই প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। যাতে উচ্চশিক্ষার ক্ষেত্রেও তারা আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিজেদের দক্ষতা বাড়াতে পারে।’

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.