× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাকসুর দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচিতে শিক্ষার্থীরা

আফসানা ফিহা, রাবি প্রতিনিধি

২২ নভেম্বর ২০২৬, ১৯:০৩ পিএম

ছবি: সংবাদ সারাবেলা।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নতুন নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীদের একাংশ। ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর ব্যানারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন-১-এর সামনে এ কর্মসূচি পালন করছেন তাঁরা। এর মধ্যে এক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

রোববার (২২ নভেম্বর) ষষ্ঠ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। অসুস্থ হয়ে পড়া শিক্ষার্থী আলি ইমরান জিহাদ ‘মঞ্চ ২৪’-এর সাংগঠনিক সম্পাদক। আর অবস্থান কর্মসূচিতে নেতৃত্ব দেওয়া রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি সমাজকর্ম বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

কর্মসূচি নিয়ে আরিফ আলভি বলেন, ‘সকালে আমাদের এক সহযোদ্ধা, জিহাদ অসুস্থ হয়ে পড়েন। পরে উপাচার্যের সহকারী মেডিকেল সেন্টার থেকে চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্যালাইন দেওয়ার মতো ন্যূনতম সুবিধাটুকুও নেই। এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছয় দিন ধরে আমরা এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। আমাদের কষ্ট হচ্ছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরবো না।’

প্রশাসনের ভূমিকা নিয়ে আরিফ আলভি বলেন, ‘প্রক্টর স্যার দু-একবার কথা বলেছেন এবং ছাত্র উপদেষ্টাও কথা বলেছেন। কিন্তু উপাচার্য ও দুই উপ-উপাচার্যের পক্ষ থেকে প্রত্যাশিত আন্তরিকতা দেখতে পাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আব্দুল আলিম বলেন, ‘আন্দোলনেরও একটি ধরন আছে। একবার গিয়ে আবার অবস্থান ধর্মঘট করে? তারা কথা বলছেন, আমরাও বলছি। বাংলাদেশের অন্য কোথাও এমনটা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই দেখি, গুটিকয়েক শিক্ষার্থী বারবার বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি পালন করছেন।’

উল্লেখ্য, গত ১৬ নভেম্বর সংবাদ সম্মেলন করে প্রশাসন ভবনের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতারা। পরদিন ১৭ নভেম্বর থেকে তাঁরা অবস্থান কর্মসূচি শুরু করেন।

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.