রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রধান ফটকসংলগ্ন এলাকায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থীসহ তিনজন আহত হয়েছেন। রোববার (৮ নভেম্বর) বিকালে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় মোটরসাইকেল ও প্রাইভেটকারচালকের মধ্যে বাগ্বিতণ্ডার ঘটনাও ঘটে।
আহত দুই শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী স্বাধীন এবং তাঁর সঙ্গে থাকা অপর এক শিক্ষার্থী। তবে ওই শিক্ষার্থীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অপর আহত ব্যক্তি প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল (৩১)। তিনি কাশিয়াডাঙ্গা থানার এলাকার বাসিন্দা। প্রাইভেটকারটির মালিক অ্যাডভোকেট শাকিল (৬৭)।
দুর্ঘটনার বিষয়ে মোটরসাইকেলচালক স্বাধীন বলেন, ‘মোটরসাইকেল নিয়ে আমি আমার লেনে আসছিলাম। তিনি (প্রাইভেটকারচালক) আমার লেনে আসছিলেন। সামনে এসে সিগন্যাল দিয়েছি, কিন্তু তিনি টান দিয়েছেন।’
অন্যদিকে প্রাইভেটকারচালক সাফিউল ইসলাম সোহেল বলেন, ‘লাইব্রেরির পাশ দিয়ে আসছিলাম। বাইকচালকের মাথা নিচু ছিল। তাঁদের গাড়িতে যেন না লাগে, এ জন্য আমি গাড়িটি বাম দিকে নিয়েছি। তাঁরা বের হয়ে গেছেন, আমিও বের হয়ে গেছি। আমি তাঁদের বললাম, কীভাবে গাড়ি চালাচ্ছেন। পরে তাঁরা এসে কিছু কঠিন কথা বলেন।’
তিনি আরও বলেন, ‘আমি বললাম, আপনি তো নিচের দিকে তাকাচ্ছিলেন, আমার এখানে ক্যামেরা আছে। তখন আমার গাড়িতে বাড়ি মারেন। ভয় পেয়ে সামনে চলে আসি। তখন পেছন থেকে গাড়ি নিয়ে তেড়ে আসে। তেড়ে এসে সামনে থেমে যায়।’
ঘটনার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর ড. মো. জহুরুল ইসলাম বলেন, ‘সংঘর্ষের বিষয়টি নিয়ে আমরা কথা বলছি। তারা বর্তমানে আমাদের প্রক্টর অফিসে আছে।’
সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তদন্তের বিষয়ে তিনি বলেন, ‘সিসিটিভি ফুটেজ যতটুকু পাওয়া যাবে, সেটুকু পর্যবেক্ষণ করেই ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে আলাদাভাবে তদন্ত করার খুব বেশি সুযোগ নেই। ফুটেজ দেখে যা বোঝা যাবে, সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে।’
আইনি পদক্ষেপের বিষয়ে তিনি বলেন, ‘আমরা তো সরাসরি কোনো আইনি পদক্ষেপ নিতে পারি না। ভুক্তভোগী ব্যক্তি যদি আইনি ব্যবস্থা নিতে চান, তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সে অনুযায়ী ব্যবস্থা নেবে। সে ক্ষেত্রে উভয় পক্ষের জন্যই আইনের আশ্রয় নেওয়ার সুযোগ রয়েছে।’
তিনি আরও বলেন, ‘প্রক্টর অফিসের পক্ষ থেকে ঘটনা সম্পর্কিত যেসব তথ্য ও ইনফরমেশন রয়েছে, সেগুলো আমরা যথাযথভাবে সরবরাহ করে সহযোগিতা করব।’
এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাত হোসেন বলেন, ‘কীভাবে আহত হয়েছেন, আগে সেটা জানতে হবে। এরপর তাঁরা যেভাবে আইনগত ব্যবস্থা চাইবেন, আমরা সেভাবে আইনগত সেবা দেব।’
এ ঘটনায় মোটরসাইকেলচালক স্বাধীন প্রাইভেটকারচালককে দায়ী করেছেন। অন্যদিকে প্রাইভেটকারচালক মোটরসাইকেলচালকের অসতর্কতার কথা উল্লেখ করেছেন। ঘটনার প্রকৃত কারণ জানতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
