রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আগামী ৩০ অক্টোবর শুরু হচ্ছে দুই দিনব্যাপী আন্তর্জাতিক আইন সম্মেলন। বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত এ সম্মেলনে বাংলাদেশসহ নয়টি দেশের গবেষকেরা অংশ নেবেন। সম্মেলনের ২৫টি সেশনে মোট ১২৫টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর একাডেমিক ভবনের আইন বিভাগের ১৩৯ নম্বর কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
সম্মেলনের মূল প্রতিপাদ্য ‘Sovereignty, Humanity and Law in the Contemporary World’। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. আবদুল আলিম ও উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মো. মামুনুর রশীদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন আইন বিভাগের অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা। ধন্যবাদ জ্ঞাপন করবেন বিভাগের সভাপতি অধ্যাপক ড. সাইদা আক্তার। উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
সম্মেলনের প্লেনারি সেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এম. রফিকুল ইসলাম। আলোচক হিসেবে থাকবেন মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মেরি জর্জ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আর নাসের মোহাম্মদ ওয়াহিদ। সেশনটিতে সভাপতিত্ব করবেন অধ্যাপক ড. বেগম আসমা সিদ্দিকা।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি সৈয়দ মো. দস্তগীর হোসাইন, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী এবং বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের সদস্য মো. এমদাদুল হক। এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আনিসুর রহমান ও অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল হান্নান উপস্থিত থাকবেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম।
আয়োজকেরা জানান, বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের পাশাপাশি অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, দক্ষিণ সুদান, গ্রিস ও নামিবিয়ার গবেষকেরা সম্মেলনে অংশ নিয়ে তাঁদের গবেষণা প্রবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলনে আন্তর্জাতিক অপরাধ আইন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও আইন, শিশু অধিকার, সাংবিধানিক অধিকার, পরিবেশ ও জলবায়ু, মানবাধিকার, অপরাধবিদ্যা ও ভুক্তভোগীবিদ্যা, ভূমি ও শ্রম অধিকার, সাইবার আইন, শরণার্থী অধিকার, ব্যক্তিগত আইন, মানব পাচার ও চোরাচালান, নারীর অধিকার এবং আন্তর্জাতিক মানবিক আইনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
