ফিশিং ই-মেইল, ভুয়া লগইন পেজ, প্রতারণামূলক ফোনকলসহ বিভিন্ন ধরনের সাইবার ঝুঁকি চেনা ও তা থেকে নিরাপদ থাকার কৌশল শেখাতে প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে তিন দিনব্যাপী সাইবার সিকিউরিটি বুটক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ বুটক্যাম্পের আয়োজন করে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাব। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সার্বিক দিকনির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থীদের সাইবার নিরাপত্তা বিষয়ে সচেতন করার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান দেওয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়।
বুটক্যাম্পের প্রথম দিনের সেশনের শিরোনাম ছিল। সেশনটি পরিচালনা করেন পিইউ সিএসইর সভাপতি ফাহাদ আল ফাহিম। তিনি সাইবার হামলার আগে আক্রমণকারীরা কীভাবে সম্ভাব্য দুর্বলতা খুঁজে বের করে এবং ব্যবহারকারী বা কোনো সিস্টেমের অসতর্কতা কীভাবে ঝুঁকি তৈরি করতে পারে, তা তুলে ধরেন।
সন্দেহজনক লিংকে ক্লিক করা, একাধিক অ্যাকাউন্টে একই পাসওয়ার্ড ব্যবহার করা এবং অপরিচিত ব্যক্তির সঙ্গে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করার মতো সাধারণ ভুল কীভাবে বড় ধরনের নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সে বিষয়েও আলোচনা করা হয়।
দ্বিতীয় দিনের সেশনের বিষয় ছিল মাইন্ড গেমস: দ্য সাইকোলজি অব ফিশিং অ্যান্ড সোশ্যাল ইঞ্জিনিয়ারিং। সেশনটি পরিচালনা করেন ক্লাবের সহসভাপতি আল আমিন ইসলাম আপন। মানুষের মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে কীভাবে তথ্য হাতিয়ে নেওয়া হয়, তা এ সেশনে তুলে ধরা হয়।
ভুয়া ই-মেইল বা বার্তা পাঠানো, নকল লগইন পেজ তৈরি, পরিচিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে তথ্য চাওয়া এবং জরুরি পরিস্থিতির কথা বলে কাউকে দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করার মতো কৌশল নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি বিভিন্ন বাস্তবধর্মী পরিস্থিতির মাধ্যমে কোন লক্ষণগুলো দেখলে সতর্ক হতে হবে, সে বিষয়েও শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়।
তৃতীয় দিনের সেশনের বিষয় ছিল সিকিউর ইওর ডিজিটাল লাইফ: স্টে সেফ, স্টে সিকিউর ইন দ্য ডিজিটাল ওয়ার্ল্ড। সেশনটি পরিচালনা করেন সিএসই বিভাগের প্রভাষক ও প্রেসিডেন্সি ইউনিভার্সিটি সাইবার সিকিউরিটি ক্লাবের মডারেটর মোস্তফা কামাল সাগর।
এ সেশনে দৈনন্দিন ডিজিটাল নিরাপত্তার ওপর গুরুত্ব দেওয়া হয়। শক্তিশালী ও আলাদা পাসওয়ার্ড ব্যবহার, মাল্টিফ্যাক্টর অথেনটিকেশন চালু করা, অ্যাকাউন্ট রিকভারি সেটিংস ঠিক রাখা, নিয়মিত সফটওয়্যার হালনাগাদ এবং পাবলিক ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার বিষয়ে আলোচনা করা হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য শেয়ারের ক্ষেত্রে সতর্কতা এবং ডিভাইস নিরাপদ রাখার বিষয়েও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়।
বুটক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন ও সিএসই বিভাগের প্রধান অধ্যাপক ড. শাহিদুল ইসলাম খান নাঈম।
তিনি বলেন, ‘প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি এর ঝুঁকি সম্পর্কে জানাও এখন শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ। সাইবার নিরাপত্তার বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করলে শিক্ষার্থীরা নিজেদের নিরাপদ রাখার পাশাপাশি ভবিষ্যৎ কর্মক্ষেত্রেও তা কাজে লাগাতে পারবেন।’
অনুষ্ঠান শেষে বুটক্যাম্পে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে সনদ তুলে দেন প্রধান অতিথি।
আয়োজকরা জানান, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার নিরাপত্তার বিষয়টি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে আরও বেশি যুক্ত হচ্ছে। ব্যাংকিং, কেনাকাটা, শিক্ষা, যোগাযোগসহ সরকারি বিভিন্ন সেবাও এখন অনলাইননির্ভর। ফলে প্রযুক্তি বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীদের জন্য প্রোগ্রামিং বা সফটওয়্যার তৈরির পাশাপাশি নিরাপদ প্রযুক্তি ব্যবহারের ধারণাও গুরুত্বপূর্ণ।
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সিএসই বিভাগের উদ্যোগে আয়োজিত এ ধরনের কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষের বাইরেও আধুনিক প্রযুক্তি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছেন। বুটক্যাম্পে সাইবার নিরাপত্তার পাশাপাশি নেতৃত্ব ও বাস্তব সমস্যা মোকাবিলায় টিমওয়ার্কের অভিজ্ঞতাও অর্জনের সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা।
সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর
যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220
ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।
© 2026 Sangbad Sarabela All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh
